Nabanna Protest: চাকরিহারাদের নবান্ন অভিযান, হাওড়া জুড়ে কড়া নিরাপত্তা, তৎপর প্রশাসন
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিল প্রতিরোধে হাওড়ার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে কংক্রিটের ব্যারিকেড তৈরি করা হয়েছে।
Truth of Bengal: এসএসসি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের নবান্ন অভিযানের কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই হাওড়া জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে হাওড়া সিটি পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিল প্রতিরোধে হাওড়ার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে কংক্রিটের ব্যারিকেড তৈরি করা হয়েছে। সাঁতরাগাছি স্টেশন, ফোরশোর রোড এবং হাওড়া ময়দান সংলগ্ন জি টি রোডে বসানো হয়েছে এসব ব্যারিকেড, যাতে শিক্ষক-শিক্ষিকাদের মিছিল কোনওভাবে হাওড়া স্টেশন থেকে নবান্নের দিকে এগোতে না পারে (Nabanna Protest)।
চাকরিহারাদের নবান্ন অভিযান, নিরাপত্তা জোরদার pic.twitter.com/71AGJ3aOOp
— TOB DIGITAL (@DigitalTob) July 14, 2025
আরও পড়ুন: Relationship Meaning: আধুনিক জীবনে সম্পর্কের সঙ্কট
পুলিশ সূত্রে খবর, এদিনের অভিযানের প্রেক্ষিতে শুধুমাত্র সাধারণ পুলিশবাহিনীই নয়, মোতায়েন করা হয়েছে র্যাফ, কমব্যাট ফোর্স এবং জল কামানও। নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে সিসিটিভি এবং ড্রোন। হাওড়া শহর কার্যত রূপ নিয়েছে নিরাপত্তা বলয়ে ঘেরা দুর্গে। শনিবার হাওড়া সিটি পুলিশের সঙ্গে এক বৈঠকে বসেছিলেন চাকরিহারা আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। তাঁরা নবান্ন অভিযানের সম্ভাব্য রুট ম্যাপ পুলিশকে জমা দেন। তবে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সেই বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি বলেই সূত্রের খবর (Nabanna Protest)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
নবান্ন অভিযান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন সকালে হাওড়া ময়দান এলাকা পরিদর্শনে আসেন ডিআইজি ট্রাফিক অলোক রাজোরিয়া। তাঁর সঙ্গে ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তাঁরা জানান, কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে হাওড়া স্টেশন সংলগ্ন অঞ্চল, জি টি রোড ও আশপাশের এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে (Nabanna Protest)।






