রাজ্যের খবর

Midnapore College: মেদিনীপুর কলেজে ভর্তি ঘিরে ধুন্ধুমার! মুখোমুখি টিএমসিপি-এসএফআই

একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে উভয় পক্ষই পাল্টা অভিযোগ দায়ের করেছে।

Truth of Bengal: শুক্রবার ছাত্র ভর্তি ঘিরে তীব্র অশান্তির সাক্ষী থাকল মেদিনীপুর কলেজ। কলেজ চত্বরে দুই ছাত্র সংগঠন— তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) ও এসএফআই— মুখোমুখি হওয়ায় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে উভয় পক্ষই পাল্টা অভিযোগ দায়ের করেছে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কলেজে (Midnapore College)।

নতুন ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় সহযোগিতার জন্য কলেজের বাইরে অস্থায়ী ক্যাম্প গড়ে তোলেন টিএমসিপি কর্মীরা। সেই ক্যাম্পে ভর্তি-সংক্রান্ত ডকুমেন্ট ভেরিফিকেশন চলাকালীন ঘটে অপ্রীতিকর ঘটনা। কলেজের এসএফআই নেত্রী শাঁওলী দত্ত অভিযোগ করেন, “নিউট্রিশন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের এক ছাত্রী প্রজেক্ট জমা দিতে এসেছিলেন। তাঁকে বাধা দেয় টিএমসিপির সদস্যরা। আমরা তাঁকে কলেজের ভিতরে নিয়ে যাওয়ার পরই তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ আমাদের উপর হামলা চালান (Midnapore College)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এসএফআই-এর সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আমরা শুধুমাত্র পড়ুয়াদের ভর্তি সহায়তার জন্য ক্যাম্প করেছিলাম। কিন্তু কিছু বহিরাগত এসে অশান্তি বাধানোর চেষ্টা করে। আমরা কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানাই।” তাঁর দাবি, এসএফআই পরিকল্পিতভাবে অশান্তি ছড়াতে চাইছে।

আরও পড়ুনঃ Digital Milestone: বাংলা সহায়ক কেন্দ্রের নজিরবিহীন সাফল্য, নতুন রেকর্ড নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

এই ঘটনার বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ জানান, “কলেজের ভিতরে কোনও অশান্তি হয়নি। বাইরে কী ঘটেছে তা বলা সম্ভব নয়। আমাদের কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। ভেরিফিকেশনের সময় বহিরাগতদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে কোনও বিশেষ প্রয়োজনে পড়ুয়াদের অনুমতি দেওয়া হচ্ছে (Midnapore College)।”

Related Articles