ছাত্র সংঘর্ষে উত্তপ্ত শান্তিনিকেতন: পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
বর্তমানে ওই এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে
Truth Of Bengal: শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে বাম ও গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনের সংঘাতকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। রতনপল্লীর রামকিঙ্কর মঞ্চে এসএফআই এবং এবিভিপি-র সদস্যদের মধ্যে এই ধস্তাধস্তির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত হয় এসএফআই-এর আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে। ট্রান্সজেন্ডার বিলের বিভিন্ন দিক ও তার প্রভাব নিয়ে আয়োজিত ওই আলোচনা সভা চলাকালীন একদল ছাত্র সেখানে এসে ‘ভারত মাতা কি জয়’ ও ‘বন্দে মাতরম’ স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এসএফআই-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, আলোচনা চলাকালীন এবিভিপি-র সদস্যরা সেখানে চড়াও হয় এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এমনকি বাম ছাত্র সংগঠনের মহিলা সদস্যদের শ্লীলতাহানি ও মারধর করা হয়েছে বলেও গুরুতর অভিযোগ তোলা হয়েছে। ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে দীর্ঘক্ষণ ধরে ওই এলাকায় উত্তেজনা বজায় থাকে।
অন্যদিকে, পাল্টা অভিযোগ এনেছে এবিভিপি নেতৃত্ব। তাদের দাবি, সেখানে তাদের নিজস্ব একটি সংবর্ধনা সভা ও বৈঠক চলছিল। সেই অনুষ্ঠান চলাকালীন তারা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিলে এসএফআই-এর পড়ুয়ারা অত্যন্ত উগ্রভাবে তাদের দিকে তেড়ে আসে। পরিস্থিতির অবনতি হতে দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয় এবং শেষ পর্যন্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। বর্তমানে ওই এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।






