Tribal Education: পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে শতাধিক আদিবাসী পড়ুয়াকে নিয়ে স্বপ্নপূরণের লড়াই নরেনের
In a remote village of Purulia, tribal singer Noren Hansda has dedicated his life to educating over 100 underprivileged and orphaned children through his self-made ashram.
Truth Of Bengal: নয়ন কুইরী, পুরুলিয়া: আদিবাসী সঙ্গীত শিল্পী নরেন হাঁসদা। এক দরিদ্র সাঁওতাল পরিবারে জন্ম তাঁর (Tribal Education)। গানই তার জীবনের একমাত্র রসদ। গ্রামে গান গেয়ে গেয়ে ভিক্ষা করেন তিনি। দারিদ্রতা তার নিত্য সঙ্গী। এই দারিদ্রতার মাঝেও শতাধিক আদিবাসী ছেলেমেয়ের দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন। গড়ে তুলেছেন এক আশ্রম। ভালিডুঙরির নিচে গড়ে তুলেছেন তার এই স্বপ্নের আশ্রম – সিধু কানু মিশন।
প্রথমে দুজন অনাথ বাচ্চাকে নিয়ে তার এই আশ্রমের পথচলা শুরু হয় বছর ১০-১২ আগে। ধীরে ধীরে সেখানে অনাথ শিশুর সংখ্যা বাড়তে থাকে। এক দুই করে এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে ৪৫-এ। বাবা হয়েছেন ৪৫ জন অনাথ শিশুর। এর পাশাপাশি ওই এলাকার আদিবাসী বাচ্চাদের পড়াশোনা সমস্ত দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে। পিছিয়ে পড়া এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে দিনরাত এক করে আশ্রম পরিচালনা করছেন। লক্ষ্য একটাই শিক্ষার আলো পৌঁছাক গ্রামে। আর পাঁচজনের সঙ্গে সমান তালে পাল্লা দিক এই এলাকার দুস্থ দরিদ্র পরিবারের বাচ্চারাও (Tribal Education)।
অনাথ শিশুদের কাছে তিনি বাবা। শুধু বাবা ডাকলেই তো আর বাবা হওয়া যায় না, দায়িত্ব অনেক। এই ৪৫ জন ছেলে-মেয়ের লেখাপড়া খাওয়া-দাওয়া যাবতীয় খরচ বহন করার একটাই রাস্তা শিল্পী নরেন হাঁসদার কাছে। গ্রামে গ্রামে গান গেয়ে ভিক্ষে করেন এবং তাঁর আশ্রমের কথা প্রচার করেন সকলের কাছে। তা থেকে যা অনুদান আসে তা দিয়েই আশ্রমের সমস্ত খরচ বহন করেন নরেন হাঁসদা। নিজে জীবনে কোনদিন লেখাপড়ার সুযোগ পাননি, শপথ নিয়েছেন এইসব অনাথ ছেলেমেয়েদের লেখাপড়ায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ গড়ে তুলবেন। নিজের অধরা স্বপ্ন পূরণ করবেন।
তাঁর এই সামাজিক চেতনাবোধে আপ্লুত এলাকার মানুষ। নিজে দরিদ্র, ঘরচুলো নেই, গাছের তলায় দিন কাটতো। এরকম একজন মানুষের এই সামাজিক ভাবনা থেকে আশ্রম গড়ে তোলা। যে আশ্রমে সকাল থেকে রাত্রি কচিকাঁচাদের কলকাকলিতে গমগম করে। পুরুলিয়া জেলার প্রত্যন্ত এলাকার এই সিধু-কানু মিশন শহুরে জীবনকে যেন জানান দিয়ে যায়, আগামীতে চেতনা ও বিপ্লবে পথ দেখাবে এই আদিবাসী পড়ুয়ারা (Tribal Education)।






