Weather: আর্দ্রতার জেরে হাঁসফাঁস? সুখবর! দক্ষিণবঙ্গে আসছে ৬ দিনের বৃষ্টির স্পেল
আগামী ৬ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির স্পেল
Truth Of Bengal: অসহনীয় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে জেরবার দক্ষিণবঙ্গবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Weather)। আগামী ৬ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, এবং দুই মেদিনীপুরে অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে, বুধবার থেকে ১৬ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে(Weather)। আজ বিকেলের পরেও দক্ষিণের দু-একটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে, তার পরের ৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, যা কিছুটা স্বস্তি দেবে। এরপর আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। (Weather) উত্তরবঙ্গের জেলাগুলিতেও একইরকমভাবে তাপমাত্রার ওঠানামা দেখা যাবে।
কলকাতার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং ন্যূনতম ৫৭ শতাংশ।
Truth Of Bengal FB: https://www.facebook.com/truthofbengal






