আন্তর্জাতিক

বাংলাদেশ পুলিশের লোগো বদল, নৌকার জায়গায় শাপলা, ধান ও পাটপাতা

Bangladesh Police changes logo, replaces boats with Shapla, paddy and jute leaves

Truth Of Bengal:  বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের ছাপ এবার পড়ল পুলিশের লোগোতেও। ইউনুস সরকারের শাসনে নতুন রূপ পেল দেশের পুলিশ বাহিনীর প্রতীক। শেখ হাসিনা সরকারের পতনের ছয় মাসের মাথায় বাদ দেওয়া হল আগের লোগোর অন্যতম চিহ্ন ‘নৌকা’।

নতুন লোগো সম্পর্কে একটি অফিসিয়াল চিঠি জারি করেছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাসিমা আক্তার। চিঠিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় খুব শিগগিরিই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং নতুন লোগো দেশজুড়ে চালু করা হবে।

নতুন লোগোতে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শিষ এবং পাটপাতা। সবমিলিয়ে লোগোটি দেশের মাটির গন্ধ ও সাধারণ মানুষের জীবনের প্রতিফলন তুলে ধরছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নৌকার অনুপস্থিতি। কারণ, নৌকা ছিল আগের লোগোর অংশ, আর তা আবার আওয়ামী লিগের নির্বাচনী প্রতীক। ফলে অনেকেই মনে করছেন, নতুন লোগোর এই পরিবর্তন কেবল নকশাগত নয়, এর পেছনে রাজনৈতিক বার্তাও লুকিয়ে আছে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ এখন ক্ষমতার বাইরে, এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। শেখ হাসিনা নিজে বর্তমানে ভারতে অবস্থান করছেন। এই অবস্থায় নৌকা বাদ যাওয়াকে অনেকে দেখছেন একপ্রকার রাজনৈতিক দূরত্ব তৈরি করার ইঙ্গিত হিসেবে।

জানা গেছে, নতুন লোগো ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। খুব তাড়াতাড়ি দেশের সব থানায়, পুলিশ ইউনিফর্মে, অফিস সাইনবোর্ডে এবং পতাকায় এই লোগো ব্যবহারের নির্দেশ কার্যকর হবে। বিশেষজ্ঞদের মতে, পুলিশের লোগোতে এমন পরিবর্তন কেবল দৃষ্টিনন্দন করার প্রয়াস নয়, বরং সময়ের পরিবর্তনের এক স্পষ্ট প্রতিচ্ছবি।

Related Articles