চরা সুদের টাকা শোধ করতে না পারায় প্রাণ নাশের হুমকি
Death threats for not being able to repay the interest on the farm
Truth Of Bengal: চরা সুদে টাকা নিয়ে সর্বশ্রান্ত দুই পরিবার। কিছু টাকা বাকি থাকায় প্রাণ নাশের হুমকি। চরম আতঙ্কে দুই পরিবার। অবশেষে থানার দ্বারস্থ তারা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকায়।
শান্তিপুর থানার অন্তর্গত বের পাড়ার বাসিন্দা সরজিত শর্মা, পেশায় চরা সুদের ব্যবসায়ী। জানা যায় সরজিত শর্মার কাছ থেকে তার পার্শ্ববর্তী এলাকার দুই ব্যক্তি চরা সুদে টাকা নিয়েছিল। যে পরিমাণ টাকা নিয়েছিল সেই পরিমাণের থেকেও বেশি সুদ গুনতে হয়েছে তাদের। যার কারণে নিজেদের বেশ কিছু সম্পত্তি বিক্রিও করেছেন তারা।
সুদের পরিমাণ এতটাই ছিল যে তাতেও পরিশোধ হচ্ছিল না পুরো টাকাটা। সেই কারণে সুদ সহ টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিল সরজিত শর্মা। অবশেষে আতঙ্কিত হয়ে থানার দ্বারস্থ হন ওই দুই ব্যক্তি। তাদের দাবি, তারা নিয়মিতভাবে সুদের টাকা দিয়ে যাচ্ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর্থিক অনটনের কারণে ঠিকমতো সুদ পরিশোধ করতে পারছিল না। যে কারণে তাদের বারবার হুমকি দেওয়া হচ্ছিল।
তারা আরও দাবি করেছে, সরজিৎ শর্মা বেআইনিভাবে এলাকায় চড়া সুদের ব্যবসা করে। অবশেষে অভিযোগকারী ওই দুই ব্যক্তি শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত সরজিত শর্মার বিরুদ্ধে। প্রশ্ন উঠছে কোন লাইসেন্স ছাড়াই কীভাবে একজন সুদে কারবারি এই ধরনের সুদের ব্যবসা করতে পারে। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।






