রাজ্যের খবর

ভোটের মুখে সরগরম নদিয়া: ব্যাগভর্তি অস্ত্রসহ পুলিশের জালে যুবক

জেলা জুড়ে নিরাপত্তা এবং নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে

মাধব দেবনাথ, নদিয়া: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে দিকে দিকে চলছে নাকা চেকিং। এই তৎপরতার মধ্যেই নদীয়া জেলার তাহেরপুর থানা এলাকায় পুলিশের জালে ধরা পড়ল এক সশস্ত্র যুবক। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ এবং অন্যান্য ধারালো অস্ত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তাহেরপুর থানা এলাকায় রুটিনমাফিক নাকা চেকিং চলছিল। সেই সময় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে দায়িত্বরত পুলিশ কর্মীরা তাকে থামান। জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই যুবকের কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। এরপরই পুলিশ তার পিঠে থাকা ব্যাগে তল্লাশি চালায়। তল্লাশিতে ব্যাগ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ এবং কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়।

ঘটনাস্থলেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হবে। নির্বাচনের আগে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই অস্ত্রের সাথে কোনো বড়সড় নাশকতার ছক বা রাজনৈতিক যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা জুড়ে নিরাপত্তা এবং নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।

Related Articles