রাজ্যের খবর

গাছে পেরেক নয়!, নদিয়ায় নির্বাচনের মুখে গাছের প্রাণ বাঁচাতে পথে নামলেন একদল যুবক

"জীবন বাঁচলে তবেই রাজনীতি"

মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার শান্তিপুর ব্লকের একদল যুবক পরিবেশ রক্ষায় এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। নির্বাচনের উত্তপ্ত আবহে যখন চারপাশ রাজনৈতিক পোস্টার ও ব্যানারে ছেয়ে যাচ্ছে, ঠিক সেই সময়েই “জীবন বাঁচলে তবেই রাজনীতি” এই স্লোগানকে সামনে রেখে গাছে পেরেক মারার বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। শান্তিপুরের বাথনা স্টেশন, ঘোড়ালিয়া এবং ফুলিয়ার মতো জনবহুল এলাকাগুলোতে এই সচেতনতা অভিযান চালানো হচ্ছে।

পেশায় ভিন্ন হলেও পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে ফুলিয়া এলাকার প্রায় দশজন যুবক গত দুই মাস ধরে এই অভিযান চালিয়ে যাচ্ছেন। কাজের ফাঁকে সপ্তাহে একদিন বা দুদিন সময় বের করে তাঁরা রাস্তার ধারের গাছগুলো থেকে পেরেক দিয়ে লাগানো বিজ্ঞাপন ও হোর্ডিং খুলে ফেলছেন। তাঁদের মতে, বিজ্ঞাপনের স্বার্থে গাছের গায়ে যথেচ্ছ পেরেক ঠোকায় গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে তা পরিবেশের জন্য চরম ক্ষতিকারক।

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আবহে বিভিন্ন রাজনৈতিক দলও প্রচারের জন্য গাছের গায়ে ব্যানার ও ফেস্টুন লাগাচ্ছে। এই যুবকেরা স্পষ্ট জানিয়েছেন যে তাঁরা কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, বরং গাছের জীবনের সুরক্ষায় সরব। তাঁরা প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নির্বাচনী প্রচারে গাছকে ব্যবহার না করার অনুরোধ জানাবেন। স্থানীয় বাসিন্দারাও যুবকদের এই পরিবেশবান্ধব পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাদের এই নিঃস্বার্থ প্রচেষ্টা ইতিমধ্যেই গোটা নদীয়ায় সাড়া ফেলেছে।

 

 

Related Articles