বিনোদন

ভারতের নতুন মুকুট জয়ী! ২০২৬-এর ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হলেন গোয়ার সাধ্বী সাইল

ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৬ হিসেবে এখন তিনি বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

Truth Of Bengal: ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত কিট (KIIT) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার রাতে চাঁদের হাট বসেছিল। উপলক্ষ ছিল টাইমস গ্রুপ আয়োজিত ৬১তম ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৬-এর জমকালো গ্র্যান্ড ফিনালে। এই বহুপ্রতীক্ষিত প্রতিযোগিতায় ভারত সুন্দরীর মুকুট জয় করে নিলেন গোয়ার সাধ্বী সাইল। ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৬ হিসেবে এখন তিনি বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ হয়েছেন মহারাষ্ট্রের রাজনন্দিনী পাওয়ার এবং সেকেন্ড রানার-আপের শিরোপা জিতেছেন জম্মু ও কাশ্মীরের শ্রী অদ্বৈতা। অনুষ্ঠানে টাইমস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বিনীত জৈন বলেন, গত ছয় দশক ধরে এই মঞ্চ নারীদের ক্ষমতায়ন ও প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে। ঐশ্বর্য রাই থেকে প্রিয়াঙ্কা চোপড়ার মতো বিশ্বজয়ীদের উদাহরণ টেনে তিনি কিট ও কিস (KISS) প্রতিষ্ঠানে এই অনুষ্ঠান আয়োজনের গুরুত্বও তুলে ধরেন।

গ্ল্যামার ও বিনোদনের মিশেলে এই সন্ধ্যাটি হয়ে উঠেছিল বর্ণিল। অভিনেতা ঈশান খট্টরের বিধ্বংসী নাচ এবং গায়ক জুবিন নটিয়ালের সুরেলা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। লরেন গটলিবের নাচের জাদু এবং মনীশ পল ও সারা জেন ডিয়াসের সাবলীল সঞ্চালনা অনুষ্ঠানকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। বিশেষ আকর্ষণ ছিল বস্ত্র মন্ত্রকের সহযোগিতায় আয়োজিত ‘বিশ্ব সূত্র: উইভস অফ ইন্ডিয়া’ রাউন্ডটি। যেখানে দেশের ৩০টি রাজ্যের ঐতিহ্যবাহী হ্যান্ডলুম বা হস্তশিল্পকে আধুনিক ও আন্তর্জাতিক পোশাকে তুলে ধরা হয়। এছাড়া ফিনালে রাউন্ডে ডিজাইনার প্রভজিৎ মনিকতলার নজরকাড়া নকশার পোশাকে র‍্যাম্পে হাঁটেন প্রতিযোগীরা।

এবারের বিচারকমণ্ডলীর আসনে ছিলেন জিনাত আমান, মধুর ভান্ডারকর, টেরেন্স লুইস, নেহা ধুপিয়া, সেলিনা জেটলি, সিমরান, আমাল মালিক এবং অলিম্পিয়ান দুতি চাঁদের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রতিযোগিতার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও নজির গড়েছে এই মঞ্চ। সিকিমের পাস্যাং ডিকিলা শেরপা ‘টাইমস মিস মাল্টিমিডিয়া’ খেতাব জেতেন। অন্যদিকে, ‘বিউটি উইথ আ পারপাস’ উদ্যোগের মাধ্যমে শিশুদের চিকিৎসা ও শিক্ষার জন্য ৬৬ লক্ষ টাকার বেশি সংগৃহীত হয়েছে। এই খাতে এককভাবে সর্বোচ্চ ২৩ লক্ষ টাকা সংগ্রহ করে ‘টাইমস মিস বিউটি উইথ আ পারপাস’ শিরোপা জিতেছেন গুজরাটের পারিনাজ কুপার।