অভয়ার মায়ের লড়াইয়ের মাঝেই বিজেপি কর্মীদের উদ্দাম নাচ! Viral Video ঘিরে তোলপাড় পানিহাটি
ঘোলায় বিজেপির প্রস্তুতি সভায় হাসিঠাট্টা ও নাচের ভিডিও ফাঁস হতেই অস্বস্তিতে গেরুয়া শিবির।
Truth of Bengal: আর জি কর কাণ্ডের বিচার এবং তরুণী চিকিৎসক ‘অভয়া’র বিচার চেয়ে যখন গোটা দেশ উত্তাল, তখন সেই আবেগকে পাথেয় করেই নির্বাচনী ময়দানে নেমেছে বিজেপি। অভয়ার মা রত্না দেবনাথকে প্রার্থী করে সহানুভূতির হাওয়া তোলার চেষ্টা করছে গেরুয়া শিবির। কিন্তু প্রচারের সেই গাম্ভীর্যের আড়ালে পানিহাটিতে ধরা পড়ল এক সম্পূর্ণ ভিন্ন এবং বিতর্কিত ছবি। গেরুয়া উত্তরীয় গায়ে বিজেপি মহিলা কর্মীদের হাসাহাসি ও উদ্দাম নাচের একটি ভিডিও ভাইরাল (সত্যতা যাচাই করেনি Truth of Bengal) হতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
শনিবার বিকেলে সোদপুর-মধ্যমগ্রাম রোডের ঘোলা তীর্থভারতী মোড় সংলগ্ন একটি অনুষ্ঠানগৃহে নির্বাচনী প্রচারের প্রস্তুতি সভা চলছিল। সেখানেই উপস্থিত ছিলেন বিজেপির বেশ কয়েকজন মহিলা কর্মী ও নেত্রী। অভিযোগ, জনৈক কর্মীর ফেসবুক লাইভে দেখা যায়, অভয়ার বিচারের দাবি তোলা কর্মীরাই সেখানে উচ্চস্বরে হাসিঠাট্টা ও নাচে মেতে উঠেছেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও বিতর্ক আঁচ করে পরে তা ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়, ততক্ষণে সেই ভিডিও পৌঁছে গিয়েছে হাজার হাজার মানুষের স্মার্টফোনে।
এই ঘটনাকে কেন্দ্র করে নীতি ও আদর্শের প্রশ্ন তুলেছে বিরোধীরা। সাধারণ মানুষের একাংশও প্রশ্ন তুলছেন, যে ট্র্যাজেডিকে সামনে রেখে বিজেপি ভোট চাইছে, সেই গভীর শোকের আবহে এমন বিজয়োল্লাস বা আমোদ-প্রমোদ কীভাবে সম্ভব? প্রচারের ভাষা আর বাস্তব আচরণের মধ্যে এই আকাশ-পাতাল ফারাক দেখে ক্ষুব্ধ অনেকেই। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপি আসলে অভয়ার মৃত্যু নিয়ে কেবল রাজনীতি করতে চায়, তাদের মনে কোনও প্রকৃত শোক নেই।
অবশ্য এই বিতর্ককে স্রেফ ‘তৃণমূলের গিমিক’ বলে উড়িয়ে দিয়েছেন কলকাতা উত্তর শহরতলির জেলা বিজেপি সভাপতি চণ্ডীচরণ রায়। তিনি বলেন, “তৃণমূল এই বিষয়টিকে নিয়ে রাজনৈতিক নাটক করার চেষ্টা করছে। সাধারণ মানুষ এসবে গুরুত্ব দেবে না। মানুষ আমাদের সঙ্গেই আছেন। অভয়ার মা রত্না দেবনাথ এই নির্বাচনে নিশ্চিতভাবে জয়লাভ করবেন।” জেলা সভাপতির আশ্বাসে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হলেও, পানিহাটির এই ভাইরাল ভিডিও ভোটের মুখে গেরুয়া শিবিরের বিড়ম্বনা যে বেশ খানিকটা বাড়াল, তা বলার অপেক্ষা রাখে না।






