তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, থানায় দায়ের অভিযোগ
ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ
মাধব দেবনাথ, নদিয়া: সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের সময় সামাজিক মাধ্যমে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যকে ঘিরে উত্তেজনা ছড়াল নদিয়ার শান্তিপুর বিধানসভা এলাকায়।
ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযোগ, শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী-র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অকথ্য ভাষায় গালাগালি ও কুরুচিকর মন্তব্য করেন এক ব্যক্তি। এই ঘটনার প্রতিবাদে সরব হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নদিয়ার সূত্রাগড় এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ ঘোষ নামে ওই ব্যক্তি সামাজিক মাধ্যমে এই মন্তব্য করেন। বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী-সমর্থকরা। শনিবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে যুব তৃণমূল কংগ্রেস। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে আটক করে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
তৃণমূলের দাবি, অভিযুক্তের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সিপিআইএম সমর্থনের একাধিক পোস্ট রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ শাসক দলের। এদিকে, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে যুব তৃণমূল। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনা নিয়ে নতুন করে শুরু হয়েছে তরজা।






