রাজ্যের খবর

বিয়ের আসর থেকে নাবালিকাকে পাঠানো হলো হোমে, আটক বর

Newly married girl sent home from wedding venue

Truth of Bengal: দোলের দিন প্রথম দেখা। এক দেখাতেই প্রেম। তারপরেই এক নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিলো এক যুবক। মেনে নেয় নাবালিকার বাড়ির লোকেরা। দু’দিনের মধ্যে বিয়ের আয়োজনও হয়ে যায়। রবিবার বিয়ের আসরও বসে। আর বিয়ের আসর বসতেই পুলিশের কানে যায় পুরো বিষয়টি। এরপর বিয়ের আসর থেকেই নাবালিকাকে পাঠানো হয় হোমে। পুলিশের জালে হবু বর।

সোমবার রাতে উলুবেড়িয়ার বাড়ি থেকে আটক করা হয় বাইশ বছরের ওই যুবককে। দোলের দিন বন্ধুদের সঙ্গে তারকেশ্বরে গিয়েছিল ওই যুবক। সেখানেই চন্ডীতলার বাসিন্দা ১৬ বছরের এক দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের কিছু সময়ের মধ্যে বিয়ের প্রস্তাবও দিয়ে দেয় যুবক। সায় দেয় মেয়েটিও।

সূত্রের খবর, রবিবার মেয়েটি বাড়ি ছেড়ে উলুবেড়িয়ায় চলে আসে। তারপর এলাকারই একটি মন্দিরে গোপনে বিয়ে করে। বাড়িতে জানাজানি হলে সামাজিক রীতিনীতি মেনে বিয়ের ব্যবস্থা করা হয় পরিবারের তরফে।

সূত্রের খবর, সোমবার যখন বিয়ের আসর বসে তখন খবর চলে যায় উলুবেড়িয়া থানার পুলিশের কাছে। উলুবেরিয়া বিডিও অফিসের কর্মীদের সঙ্গে নিয়ে পুলিশ হানা দেয় বিয়ের আসরে। ঘটনাস্থলে যান সমাজকল্যাণ দফতরের আধিকারিকরাও। ছেলে এবং মেয়েকে আটক করে থানায় নিয়ে আসা হয়। কম বয়সে বিয়ে হলে কী ক্ষতি হতে পারে তা বোঝানো হয় পরিবারের সদস্যদের। সেই রাতেই মেয়েটিকে হোমে পাঠানো হয়।

Related Articles