শর্ট স্ট্রিট-এর নাম পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, কী হল নতুন নাম?
The Chief Minister announced the change of name of Short Street, what is the new name?
Truth Of Bengal: মধ্য কলকাতার পার্ক স্ট্রিট এলাকার ‘শর্ট স্ট্রিট’-এর নাম পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ষোড়শ শতকের প্রখ্যাত ক্যাথলিক ধর্মযাজক সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের নামে এই রাস্তার নতুন নাম হবে ‘সেন্ট ফ্রান্সিস জেভিয়ার সরণি’। বৃহস্পতিবার সেন্ট জেভিয়ার্স কলেজে বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, ‘‘আমি খুব খুশি যে, সেন্ট জেভিয়ারকে শ্রদ্ধা জানিয়ে শর্ট স্ট্রিটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। সকলে ওঁর কাজের জন্য তাঁকে মনে রাখবেন।’’ একই সঙ্গে তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ওই রাস্তায় নতুন নামফলক বসানোর নির্দেশ দেন।
সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ষোড়শ শতকে পর্তুগিজ সম্রাটের দূত হয়ে ভারত এবং জাপানে খ্রিস্ট ধর্মের প্রচার করেছিলেন। ১৫৪২ সালে গোয়ায় এসে তিনি ধর্মপ্রচারের কাজ শুরু করেন। তাঁর কাজের মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন। সেই সেন্ট জেভিয়ারকে সম্মান জানাতেই তাঁর নামে নামকরণ করা হলো কলকাতার শর্ট স্ট্রিটের।
উল্লেখ্য, কিছু দিন আগেই হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডের নাম পরিবর্তন করে প্রখ্যাত ফুটবলার শৈলেন মান্নার নামে করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






