কলকাতা

২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার কসবা কাণ্ডের মাস্টারমাইন্ড ‘ইকবাল’

Kasba case mastermind 'Iqbal' arrested within 24 hours

Truth Of Bengal: কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূলচক্রী আফরোজ খান ওরফে ইকবালকে পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে কলকাতায় এনে জেরা করা হবে। পুলিশের মতে, ইকবালকে জিজ্ঞাসাবাদ করলে ষড়যন্ত্রের গভীরে পৌঁছানো সম্ভব হবে।

শুক্রবার রাতে কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর আততায়ীরা হামলা চালায়। তবে বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। সুশান্তের সঙ্গীরা এক অভিযুক্তকে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ১০ হাজার টাকার বিনিময়ে সুশান্তকে খুনের সুপারি দেওয়া হয়েছিল। অভিযুক্তরা বৃহস্পতিবার রাতে বিহার থেকে হাওড়ায় আসে। হাওড়া স্টেশনের বাইরে তাদের নিতে উপস্থিত ছিল ট্যাক্সিচালক আহমেদ। তিনি তাদের বন্দর এলাকার একটি গোপন জায়গায় নিয়ে যান। সেখানেই হামলার পরিকল্পনা তৈরি হয়।

তদন্তকারীরা জানতে পারেন, সুশান্তকে খুনের পরিকল্পনার মাস্টারমাইন্ড ছিলেন ইকবাল। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। অবশেষে গলসিতে তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, এই ঘটনার জেরে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ভিনরাজ্যের অপরাধীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “বাইরের দুষ্কৃতীরা কীভাবে এ রাজ্যে ঢুকছে, তা খতিয়ে দেখা দরকার। পুলিশকে বলছি, এদের দ্রুত গ্রেফতার করে কড়া ব্যবস্থা নিন।’’

কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা শনিবার সকালে ঘটনাস্থলে যান। তদন্তকারীরা মনে করছেন, ইকবালকে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। পুলিশ ইতিমধ্যে সীমানাগুলিতে নজরদারি বাড়িয়েছে এবং অপরাধীদের পুরো চক্রটি ভেঙে দেওয়ার জন্য তৎপর।

Related Articles