শুভেন্দু অধিকারীকে ঘিরে মহিলাদের বিক্ষোভ রায়দিঘিতে, নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ধাক্কাধাক্কির অভিযোগ
এরপর সকল মহিলা এক হয়ে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ১০০ দিনের কাজের প্রকল্প বন্ধ না করার পাশাপাশি কেন্দ্রকে বকেয়া টাকা মেটানোর দাবি তুলছিলেন।
Truth Of Bengal: ২০২৫ টপকালেই বাংলায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে এবং ময়দানে নেমে প্রচার চালু করেছে সকল রাজনৈতিক দল। এই আবহাওয়ায় মথুরাপুরে কালীপুজোর উদ্বোধন করতে যাওয়ার পথে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে অভিযোগ ওঠে যে তাঁর নিরাপত্তারক্ষী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মহিলাদের ধাক্কা দেন এবং তা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, রবিবার যখন শুভেন্দু অধিকারী রওনা দেন মন্দিরবাজার থেকে, তখন অনলাইনে জব কার্ড হোল্ডারদের নাম নথিভুক্ত করার কাজ চলছিল রায়দিঘির কাশিনগরে। মহিলারা সেই শিবিরে গিয়েছিলেন। এমন সময়ে তাঁরা জানতে পারেন যে ওই পথে শুভেন্দু অধিকারী যাচ্ছেন। এরপর সকল মহিলা এক হয়ে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ১০০ দিনের কাজের প্রকল্প বন্ধ না করার পাশাপাশি কেন্দ্রকে বকেয়া টাকা মেটানোর দাবি তুলছিলেন।
অভিযোগ, শ্রীমতি এলাকায় যখন মহিলারা এই শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন, তখন বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীরা ধাক্কা দিয়ে তাঁদের সরিয়ে দেন। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে দেওয়া হয়। এমনকি হামলা চালানো হয় বলেও অভিযোগ। পরে পুলিশ এলাকায় এসে কোনরকমে পরিস্থিতি সামাল দেয় এবং বিজেপি বিধায়ককে সেখান থেকে বের করে নিয়ে আসে। বৈরাগী মোড়ে এক রক্তদান শিবির ও কালীপুজোর উদ্বোধন করেন বিরোধী দলনেতা। এই অশান্তির জন্য তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেন। তবে রায়দিঘির ঘাসফুল শিবিরের বিধায়ক অলোক জলদাতা ঘটনাটির নিন্দা করেন এবং জানান যে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীরা যা করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়।





