দেশ

“কোনও শক্তিই মহিলা সংরক্ষণ বিল আটকাতে পারবে না!”, সংবিধান দিবসে বিরোধী ও ‘দিমাগি নকশাল’দের নিশানা মোদির!

মহিলা সংরক্ষণ বিল আটকে যাওয়াকে ‘লজ্জা’ বলে আক্রমণ! সংবিধান দিবসে কংগ্রেস-সহ বিরোধীদের একহাত নিলেন মোদি!

Truth of Bengal: সংবিধান দিবসে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সুর চড়িয়ে বিরোধী শিবির এবং ‘দিমাগি নকশাল’দের তীব্র নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সংবিধান দিবস উপলক্ষে দেশের একাধিক প্রথম সারির সর্বভারতীয় সংবাদপত্রে প্রধানমন্ত্রীর লেখা একটি বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেই নিবন্ধেই প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, কোনও শক্তিই মহিলা সংরক্ষণ বিল আটকে রাখতে পারবে না। পাশাপাশি, সংসদে এই বিলের বিরোধিতা করার জন্য কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে কড়া ভাষায় একহাত নিয়েছেন তিনি।

সংবিধান দিবসের বার্তায় দেশের সংবিধান রচনায় নারীদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, “দেশের সংবিধান গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মহিলারা। তাই তাঁদের যথাযথ স্বীকৃতি না দিলে দেশের সাংবিধানিক যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে।”

উল্লেখ্য, গত এপ্রিলে সংসদের অধিবেশনে (যদিও আনুষ্ঠানিকভাবে সেই অধিবেশনে ইতি টানেনি কেন্দ্র) মহিলা সংরক্ষণ বিল পেশ করেছিল মোদি সরকার। কিন্তু সংসদে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না মেলায় বিলটি পাশ করানো সম্ভব হয়নি। নিবন্ধে সেই প্রসঙ্গ উত্থাপন করে ঘটনাটিকে ‘লজ্জা’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। বিল পাশের পথে ‘বাধা’ সৃষ্টি করার জন্য বিরোধীদের তীব্র কটাক্ষ করে মোদি লেখেন, “এহেন কার্যকলাপের মাধ্যমে তারা ফের একবার সাংবিধানিক মূল্যবোধের প্রতি তাদের অবজ্ঞা প্রদর্শন করেছে।”

তবে বিরোধীদের বাধার মুখেও কেন্দ্র যে পিছু হটবে না, তা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের মহিলাদের উদ্দেশে তাঁর দৃঢ় বার্তা, “আমি ভারতের নারী শক্তিকে আশ্বস্ত করছি যে, তাঁদের ন্যায়বিচার পাওয়ার বিষয়টি নিশ্চিত করা থেকে কোনও শক্তিই আটকাতে পারবে না।” সংবিধান দিবসে প্রধানমন্ত্রীর এই ঝাঁঝালো নিবন্ধ জাতীয় রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

Related Articles