রাজ্যের খবর

চুরমার অভিষেকের ‘ডায়মন্ড হারবার মডেল’! এবার ফলতাকে নিজস্ব স্টাইলে সাজাচ্ছেন শুভেন্দু, বাজেটেই বিরাট ঘোষণা

১০০ বেডের হাসপাতাল থেকে ফায়ার স্টেশন! ফলতা নিয়ে বাজেটে কল্পতরু রাজ্য সরকার

Truth of Bengal: চব্বিশের লোকসভা কিংবা ছাব্বিশের বিধানসভা নির্বাচন, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা এলাকা বরাবরই থেকেছে খবরের শিরোনামে। একসময় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত ‘ডায়মন্ড হারবার মডেল’-এর অন্তর্গত এই ফলতায় এবার থাবা বসাল শুভেন্দু অধিকারীর নব্য বিজেপি সরকার। ছাব্বিশের মেগা পালাবদলের নির্বাচনে পুনর্নির্বাচনের হাত ধরে এই কেন্দ্রে জয় ছিনিয়ে নেয় বিজেপি। আর জয়লাভের পরই অভিষেক-ঘনিষ্ঠ তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের (যিনি নিজেকে এলাকার ‘পুষ্পা’ বলে দাবি করতেন) জেলযাত্রার পর ফলতার রাজনৈতিক সমীকরণ আমূল বদলে যায়। এবার এই ফলতা এলাকাকেই রাজ্যের এক অনন্য ‘মডেল ব্লক’ হিসেবে গড়ে তোলার মেগা পরিকল্পনা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

সোমবার বিধানসভায় পেশ হওয়া নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ফলতার সামগ্রিক ভোলবদলের জন্য বিপুল আর্থিক বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে এই এলাকার ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে বিশ্বমানের করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য ফলতা ব্লক প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রকে এক ধাক্কায় ১০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে। যেখানে সামগ্রিক এবং আধুনিক জরুরি প্রসূতি সেবার সুবন্দোবস্ত থাকবে। এর ফলে এলাকার অন্তঃসত্ত্বা মহিলাদের আর চিকিৎসার জন্য কলকাতার মেডিক্যাল কলেজ বা দূরবর্তী কোনও সুপার স্পেশালিটি হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে না। অভিজ্ঞ ডাক্তার ও আধুনিক চিকিৎসা সামগ্রী নিয়ে ব্লক হাসপাতালেই হবে নিরাপদ প্রসবের ব্যবস্থা।

সম্প্রতি ফলতা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ফলতাকে একটি আদর্শ মডেল বিধানসভা হিসেবে গড়ে তোলা হবে। বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণায় মুখ্যমন্ত্রীর সেই আশ্বাসই সিলমোহর পেল। স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি ফলতার ঐতিহাসিক এসইজেড (SEZ) শিল্পতালুককে আরও সম্প্রসারণ করার বড়সড় আর্থিক রূপরেখা নেওয়া হয়েছে এই বাজেটে। ওই অঞ্চলের নদী বন্দরকে কেন্দ্র করে একাধিক বন্দরভিত্তিক বাণিজ্যিক প্রোগ্রামের পরিকল্পনাও নিয়েছে ডবল ইঞ্জিন সরকার।

এলাকার দীর্ঘদিনের দাবি মেনে ফলতায় একটি নতুন ফায়ার ব্রিগেড স্টেশন এবং মেয়েদের উচ্চশিক্ষার সুবিধার্থে একটি আধুনিক মহিলা কলেজ স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে এবারের বাজেটে। একই সঙ্গে ওই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও বেশি জোরদার করতে পুলিশি পরিকাঠামো বাড়ানোর কথা বলা হয়েছে। সব মিলিয়ে, ডায়মন্ড হারবারের রাজনৈতিক দাপটকে টেক্কা দিয়ে ফলতাকে উন্নয়নের নয়া মডেলে রূপান্তর করতে শুভেন্দু সরকার যে কোনও খামতি রাখছে না, তা এই বাজেট থেকেই স্পষ্ট।

Related Articles