রাজ্যের খবর

সুজিত বসুর পর এবার উজ্জ্বল বিশ্বাস! দুর্নীতির অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী

স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে বিভিন্ন সরকারি ত্রাণসামগ্রী মজুত করে রাখা হয়েছিল।

Truth of Bengal: সুজিত বসুর পর এবার উজ্জ্বল বিশ্বাস। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী। বেআইনিভাবে সরকারি ত্রাণসামগ্রী মজুত রাখার অভিযোগে মঙ্গলবার প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সূত্রপাত কৃষ্ণনগরে তাঁর বাড়ি থেকে ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে। মঙ্গলবার সকাল থেকেই উজ্জ্বল বিশ্বাসের বাড়ির সামনে উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে বিভিন্ন সরকারি ত্রাণসামগ্রী মজুত করে রাখা হয়েছিল।

অভিযোগ, এদিন উজ্জ্বল বিশ্বাসের কৃষ্ণনগরের বাড়ির সামনে একটি গাড়িতে সরকারি ত্রিপল তোলা হচ্ছিল। সেই দৃশ্য নজরে আসতেই সন্দেহ তৈরি হয় স্থানীয়দের মধ্যে। খবর ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে জড়ো হন বহু মানুষ। তাঁদের দাবি, শুধু ত্রিপল নয়, কম্বল, সাদা থান-কাপড়-সহ একাধিক ধরনের ত্রাণসামগ্রীও সেখানে পাওয়া গিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন উজ্জ্বল বিশ্বাস। তাঁর দাবি, ইদ উপলক্ষে দুঃস্থ মানুষদের মধ্যে বিতরণের জন্যই ওই সামগ্রী আনা হয়েছিল। কিছু সামগ্রী বিলি করা হলেও বাকিটা বাড়িতে রাখা ছিল বলে দাবি করেন তিনি।

তবে তাঁর ব্যাখ্যায় ক্ষোভ থামেনি। প্রবল জনরোষের মধ্যেই প্রাক্তন মন্ত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় ‘চোর চোর’ স্লোগান ওঠে বলেও অভিযোগ। পরে থানায় বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। তৃণমূল জমানায় দীর্ঘদিন মন্ত্রী ছিলেন উজ্জ্বল বিশ্বাস। এবারের বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্রেও পরাজিত হন তিনি। ভোটের ফলপ্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার দ্বিতীয় প্রাক্তন মন্ত্রী হিসেবে গ্রেপ্তার হলেন উজ্জ্বল।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রী সরকারি না ব্যক্তিগত, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি সেগুলি সরকারি ত্রাণসামগ্রী হয়, তবে কেন তা প্রাক্তন মন্ত্রীর বাড়িতে রাখা হয়েছিল, বিতরণ না হলে কেন প্রশাসনকে জানানো হয়নি এবং গাড়িতে করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল—সব দিকই তদন্ত করে দেখা হচ্ছে।