ভোররাতে ‘সারপ্রাইজ’ রেইড! পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
রিটার্নিং অফিসারের সঙ্গে বচসার মাশুল? ভোটের মুখে শ্রীঘরে হরিণঘাটার দাপুটে নেতা।
মাধব দেবনাথ, নদিয়া: হরিণঘাটা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দালালকে শুক্রবার সকালে গ্রেফতার করল নদিয়ার কল্যাণী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোরের দিকে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয় এবং পরে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। রাজীব দালাল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ও জনপ্রতিনিধি হওয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, সম্প্রতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রিটার্নিং অফিসারের সঙ্গে রাজীব দালালের বচসা হয়। সেই ঘটনার জেরে কল্যাণী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তারই ভিত্তিতে পুলিশ এদিন তার বাড়িতে অভিযান চালায়। তল্লাশি শেষে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। জানা গেছে, আজই তাকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হবে।
এদিকে, গ্রেফতারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজীব দালালের স্ত্রী সুজাতা দালাল। তার অভিযোগ, পুলিশ কোনও রকম পূর্ব নোটিশ ছাড়াই বাড়িতে ঢুকে পড়ে এবং বাথরুম থেকে খাটের নিচ পর্যন্ত তল্লাশি চালায়। সেই সময় রাজীব বাড়িতেই ছিলেন এবং তিনি এই তল্লাশির প্রতিবাদ জানালে পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়।
শাসকদলের এক কাউন্সিলরের এই গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই কল্যাণী থানার সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক ও নেতারা জড়ো হয়েছেন। তাদের দাবি, এটি সম্পূর্ণ বেআইনি গ্রেফতার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। পরিস্থিতি ঘিরে উত্তেজনা বাড়ছে, পুলিশি নজরদারিও জোরদার করা হয়েছে।





