Gita Recitation: গীতাপাঠ: কেন গেলেন না? স্পষ্ট জানালেন মমতা
“ওটা তো বিজেপির অনুষ্ঠান, আমি কী করে যাব?
Truth of Bengal: ২০২৬-এর বিধানসভা ভোটের আগে হিন্দুত্বের আবহ চড়াতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হয়েছিল ৫ লক্ষ মানুষের গীতাপাঠ। আরএসএস-ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে রবিবার, ৭ ডিসেম্বর গীতা পাঠের আয়োজন ঘিরে রাজনৈতিক রংও দেখা দেয়। অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিত থেকে গীতাপাঠে অংশ নিলেও আমন্ত্রিত হয়েও অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এনিয়ে বিজেপি নেতারা একের পর এক সমালোচনা শানাতে থাকায়
সোমবার কোচবিহার রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জবাব দেন মমতা।মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য,“ওটা তো বিজেপির অনুষ্ঠান, আমি কী করে যাব? নিরপেক্ষ কোনও অনুষ্ঠান হলে অবশ্যই যেতাম। কিন্তু যারা নেতাজি, বিদ্যাসাগর, রামমোহন রায়দের অপমান করে, তাদের সঙ্গে আমি নেই।”
মুখ্যমন্ত্রীর মতে, গীতাপাঠ বা ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কোনও আপত্তি নেই, আপত্তি রাজনৈতিক স্বার্থে ধর্মের ব্যবহার নিয়ে। তিনি বলেন, “নিরপেক্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি সবসময়ই যোগ দিই। কিন্তু দলীয় উদ্দেশ্যে ব্যবহার করা হলে আমি যাই না।”






