৪০ ডিগ্রি ছুঁতে চলেছে পারদ! জেনে নিন আপনার জেলার পরিস্থিতি
এই সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
Truth Of Bengal: দক্ষিণবঙ্গে ধীরে ধীরে গরম বাড়তে শুরু করেছে, সঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। যদিও পশ্চিমের কিছু জেলায় মাঝেমধ্যে বজ্রপাত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ৬ তারিখে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ কালবৈশাখীর কারণে ভেস্তে গিয়েছিল। ইডেন গার্ডেন্সে দীর্ঘক্ষণ ঝড়-বৃষ্টির ফলে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে রবিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে ঝড়-বৃষ্টির বড় কোনও আশঙ্কা নেই।
বর্তমানে পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা এবং উত্তর উপকূলীয় ওড়িশা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন গরম ও আর্দ্রতা আরও বাড়বে। ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অস্বস্তিকর গরম অনুভূত হবে। এই সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এরপর কয়েকদিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত নেই।
রবিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
সোমবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতা বেশি অনুভূত হবে। এই দিন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে।
মঙ্গলবার ও বুধবার প্রায় সমগ্র দক্ষিণবঙ্গেই শুষ্ক আবহাওয়া থাকবে এবং অস্বস্তিকর গরম বাড়বে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার আবার পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ায় ভিন্ন চিত্র দেখা যাবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে দফায় দফায় বজ্রপাত-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গত শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৬২ শতাংশ।






