রাজ্যের সেরা স্কুলের সম্মান মাহেশ রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ঝুলিতে
The honor of the best school in the state goes to Mahesh Ramakrishna Ashram Vidyalaya

Truth Of Bengal : হুগলি : তরুণ মুখোপাধ্যায় : হুগলি জেলার অন্যতম সেরা স্কুল মাহেশ রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এ বছরের রাজ্যের সেরা স্কুলের সম্মান পেতে চলেছে। বৃহস্পতিবার পাওয়া এই খবরে খুশির জোয়ার স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রী এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে।
জানা যায়, আগামী ৫ই সেপ্টেম্বর ভারতবর্ষের রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্মদিন শিক্ষক দিবসে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই অনন্য সম্মান তুলে দেওয়া হবে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে। ১৯৫২ সালে স্বামী প্রেম ঘণানন্দ মহারাজ, বিখ্যাত শিশু সাহিত্যিক যিনি অরূপ মহারাজ নামে পরিচিত ছিলেন তার হাত ধরেই এই বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল। ছোট একটি খড়ের চালা বাড়িতে এবং বাঁশের বেড়া দেওয়া ঘরে কয়েক জন ছাত্র নিয়ে শুরু হওয়া স্কুলটি ক্রমশ হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে।
অরূপ মহারাজের প্রতিষ্ঠিত স্কুলটি তারই সুযোগ্য শিষ্য স্বামী সোমানন্দ মহারাজের হাত ধরে আজ মহী রুহে পরিণত হয়েছে, এই স্কুল থেকে হাজার হাজার ছাত্র পড়াশোনা করে সমাজের উচ্চ পদে আসীন রয়েছেন। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায় জানান, “আমাদের জেলার এই স্কুলটি শিক্ষাক্ষেত্রে এক অনন্য নজির স্থাপন করেছে। প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় ধারাবাহিকভাবে এখানকার ছাত্রদের নাম থাকে। তারই নিরিখে রাজ্যের শিক্ষা দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে তা একেবারে সঠিক”।
অন্যদিকে এই স্কুলের প্রাক্তন ছাত্র অভিজিৎ মুখোপাধ্যায় সুদূর রামেশ্বরম থেকে জানান, “এই খবরে আমি আপ্লুত। কারণ দশ বছর আমি এই স্কুলের পড়াশোনা করেছি। এখানকার শিক্ষকদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি আমার সহপাঠীদের থেকে যে ভালোবাসা পেয়েছি সেই মধুর স্মৃতি আমি কখনো ভুলতে পারবো না। আশা করি আগামী দিনগুলিতেও আমাদের স্কুল এইরকম ভাবে বাংলার শিক্ষাক্ষেত্রে এক দৃষ্টান্ত আপন করে এগিয়ে যাবে”।






