তরঙ্গ যোগাযোগের মাধ্যমকে উন্নত করতে নামখানা ফ্রেজারগঞ্জে বিশেষ শিবির হ্যাম রেডিওর
Special camp on Henry Island for ham radio

The Truth of Bengal: দেশ-বিদেশের সঙ্গে তরঙ্গ যোগাযোগের মাধ্যমকে আরও উন্নততর করতে গবেষণা চালিয়ে যাচ্ছে হ্যাম রেডিও। শীতকাল প্রায় শেষ, গরম পড়তে শুরু করেছে সবে। পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। এই পরিস্থিতিতে উপকূল এলাকার রেডিও তরঙ্গের পরিবর্তন এসেছে। রেডিও তরঙ্গের মাধ্যমে দেশ-বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সমস্যা হচ্ছে। এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেজন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ হেনরি আইল্যান্ডে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। এই সমস্যা সমাধানে রিপিটার বসিয়ে পরীক্ষা করা হয়েছে। এই রিপিটারের সাহায্যে ৪ টে জেলায় কাজ চলছে, আরও ৬ টি জেলায় পরীক্ষা চালানো হচ্ছে। এই রিপিটার বসানো হয়েছে পানিহাটি পৌরসভার ১৪ নং ওয়ার্ডে। সেখান থেকে ভেরি হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হচ্ছে। যা পশ্চিমবঙ্গে প্রথম। এছাড়াও সিগন্যাল এক্সচেঞ্জ করা হয়েছে সিঙ্গেল সাইড ব্যান্ডের মাধ্যমে।
হ্যাম রেডিওর ৬ সদস্যের দলের এই পরীক্ষায় উঠে এসেছে শীতকালে যে সিগন্যাল পাওয়া যাচ্ছিল, সেই তুলনায় এখন অন্য দেশে কথা বলতে গেলে সমস্যা হচ্ছে। কারন ঠিকমত সিগন্যাল মিলছে না। কি সমস্যা হচ্ছে সবটাই নথিভুক্ত করেছে হ্যাম রেডিওর সদস্যরা।
সিগন্যাল যাতে আরও ভালো পাওয়া যায় তার জন্য আরও গবেষণা করা দরকার। একই সঙ্গে কোথায় কি সমস্যা হচ্ছে তা জেনে আগামী দিনে এই বিষয়ের উপর কাজ করা হবে বলে জানিয়েছেন হ্যাম রেডিওর সদস্যরা। একইসঙ্গে বর্তমান প্রজন্মকে এই কাজে উৎসাহ দিতে বিশেষ এই শিবিরের আয়োজন।






