তপ্ত দক্ষিণবঙ্গে স্বস্তির ইঙ্গিত, কী বলছে হাওয়া অফিস?
কলকাতায় আজ আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে এবং সন্ধ্যার দিকে মেঘের ঘনঘটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
Truth Of Bengal: দক্ষিণবঙ্গজুড়ে বর্তমানে তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হলেও, সপ্তাহের শুরুতে সোমবার কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রির দোরগোড়ায় পৌঁছেছে। তবে আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের কিছু জেলা হালকা বৃষ্টিতে ভিজতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় সোমবার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে এবং সন্ধ্যার দিকে মেঘের ঘনঘটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনো বৃষ্টি না হলেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম ছিল।
দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলোতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলোতে দুপুরে প্রচণ্ড গরম ও অস্বস্তি বজায় থাকবে। রোদের তেজ ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও বিকেলের দিকে স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ থেকে ছিটেফোঁটা বৃষ্টি নামলে সাময়িক স্বস্তি মিলতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটি কিছুটা আলাদা। হিমালয় সংলগ্ন পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই জেলাগুলোতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। সব মিলিয়ে প্যাচপ্যাচে গরমে স্বস্তি খুঁজতে আজ আকাশের দিকেই তাকিয়ে থাকবে তপ্ত বাংলা।






