Tribal Documentary: জঙ্গলমহলের লোকসংস্কৃতির টানে শোভন গাঙ্গুলী ও সোহিনী সরকার, আসছে তথ্যচিত্র
তবে এবার তার চর্চার কেন্দ্রে উঠে এসেছে জঙ্গলমহলের ধামসা-মাদলের ছন্দ, তাল-লয় এবং আদিবাসী সম্প্রদায়ের নৃত্য-সংস্কৃতি
দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের গ্রামবাংলার পথে পথে ঘুরে বেড়াচ্ছেন টলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘সারেগামাপা’ চ্যাম্পিয়ন শোভন গাঙ্গুলী এবং খ্যাতনামা অভিনেত্রী সোহিনী সরকার। তবে এবার তাদের সফরের মূল উদ্দেশ্য গান-বাজনা কিংবা অভিনয় নয়, বরং আদিবাসী সংস্কৃতি ও লোকবাদ্য নিয়ে গবেষণা এবং সেই ভিত্তিতে একটি তথ্যচিত্র নির্মাণ। শোভন গাঙ্গুলী দীর্ঘদিন ধরে সংগীতচর্চার সঙ্গে যুক্ত। তবে এবার তার চর্চার কেন্দ্রে উঠে এসেছে জঙ্গলমহলের ধামসা-মাদলের ছন্দ, তাল-লয় এবং আদিবাসী সম্প্রদায়ের নৃত্য-সংস্কৃতি (Tribal Documentary)।
আরও পড়ুন: Trade Milestone: মুক্ত বাণিজ্য চুক্তি উপলক্ষে ব্রিটেনমুখী মোদি
সারপা, ভুয়াং প্রভৃতি নৃত্যশৈলী নিয়ে তিনি যেমন গবেষণা করছেন, তেমনি প্রত্যক্ষ করছেন আদিবাসী জনজাতির বিভিন্ন উৎসব ও আচার-অনুষ্ঠান। এই গোটা প্রকল্পের পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। সম্প্রতি হাতিমারার মেলায় গিয়ে তারা আদিবাসীদের নাচ ও গান ক্যামেরাবন্দি করেন। বেলপাহাড়ি ট্যুরিজমের মুখপাত্র ও গবেষক বিধান দেবনাথ জানিয়েছেন, তাঁরা শিমুলপাল অঞ্চলের একাধিক গ্রামে গিয়ে বিভিন্ন লোকবাদ্যযন্ত্র যেমন ধামসা, মাদল প্রভৃতি কিভাবে বাজানো হয়, তার বৈশিষ্ট্য, ঐতিহ্য ও প্রাসঙ্গিকতা নিয়ে স্থানীয় শিল্পীদের সঙ্গে কথা বলেন এবং তা ভিডিও ও স্থিরচিত্রে রেকর্ড করেন (Tribal Documentary)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
এই তথ্যচিত্রের মূল উদ্দেশ্য জঙ্গলমহলের লোকসংস্কৃতিকে বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরা। বেলপাহাড়ির সাংস্কৃতিক ঐতিহ্য, লোকবাদ্য, আদিবাসী জনজাতির জীবনযাপন ও তাদের উৎসবের রঙিন ছবি এই তথ্যচিত্রে তুলে ধরা হবে। শীঘ্রই তা মুক্তি পাবে বলে জানা গিয়েছে। স্থানীয় মহলে এই উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে উৎসাহ ও কৌতূহল। অনেকেই মনে করছেন, এর মাধ্যমে জঙ্গলমহলের বিস্মৃতপ্রায় লোকসংস্কৃতি নতুন করে আলোচনায় আসবে (Tribal Documentary)।






