পর্যটকদের সুরক্ষার্থে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সান্দকফু
ঘোরাফেরা থেকে শুরু করে ট্রেকিং, কোনওকিছুই করা যাবে না
Truth Of Bengal: পর্যটকদের সুরক্ষার্থে বড় পদক্ষেপ প্রশাসনের। কী সেই পদক্ষেপ? কোনরকম দুর্ঘটনা যাতে না হয়, তার জন্য নেওয়া হল বড় সিদ্ধান্ত। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি আবহাওয়া দফতরের তরফ থেকেও জারি করা হয়েছে লাল সতর্কতা। এই পরিস্থিতিতে পর্যটকদের জন্য আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সান্দকফু। ঘোরাফেরা থেকে শুরু করে ট্রেকিং, কোনওকিছুই করা যাবে না।
আরও পড়ুনঃ নাগরিকত্ব থাকবে নাকি থাকবে না? এসআইআর নিয়ে চিন্তিত সাবেক ছিটমহলের বাসিন্দারা
সুকিয়া পোখরি বিভাগের উন্নয়ন কর্মকর্তা আরোগ্য গোয়ার বক্তব্য, “ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। তাই সান্দাকফু বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার কথা মাথায় রেখে এবং তা পুরোপুরি বন্ধ থাকবে লাল সর্তকতা তুলে না নেওয়া পর্যন্ত।” আবহাওয়া ঠিক হলেই ফের পর্যটকদের জন্য তা খুলে দেওয়া হবে। অন্যদিকে, সিঙ্গালীলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন প্রধান বলেছেন, “এদিন চলে গিয়েছে ৬টি পর্যটকের গাড়ি। আগামীকাল বাকিরা ফিরে যাবে প্রাতঃরাশের পর।”
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, সম্প্রতি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী হয় গোটা উত্তরবঙ্গ। বৃষ্টি ও হড়পা বানের জেরে বিস্তীর্ণ এলাকাগুলি বিপর্যস্ত হয়ে পড়েছিল। বন্ধ হয়ে যায় একাধিক রাস্তা এবং প্রাণ হারান বহু সাধারণ মানুষ। এরপর পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সকলের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। যদিও এই মুহূর্তে তা ছন্দে ফিরছে। তাই আশঙ্কা রয়েছে বুঝে তড়িঘড়ি পদক্ষেপ নিচ্ছে সরকার। পর্যটকরা যাতে আর কোন বিপদে না পড়েন, তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সান্দাকফু।






