রাজ্যের খবর

মর্মান্তিক! ঝুলে থাকা বিদ্যুতের হাই ভোল্টেজ তারে শক লেগে মৃত্যু দুই বোনের

Romantic! Two sisters died due to electric shock due to hanging high voltage wire

Truth Of Bengal: পিক আপ ভ্যানে করে চা বাগানে কাজে যাওয়ার পথে ঝুলে থাকা বিদ্যুতের হাই ভোল্টেজ তারে শক লেগে মৃত্যু হলো দুই বোনের। ডুয়ার্সের মাল ব্লকের কুমলাই গ্ৰাম পঞ্চায়েতের নেওড়া স্টেশনপাড়া খাকড়িযান বস্তি এলাকার ঘটনা। ঘটনায় বড়দিঘী হয়ে লাটাগুড়ি- মালবাজার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মৃত দুজনের নাম আলিশা ওঁরাও (১৭) ও রাধিকা ওঁরাও(১৯)। তারা সম্পর্কে কাকাতো বোন বলে জানা গেছে। তারা খাকড়িযান বস্তি এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গেছে, প্রতিদিনের মতো বাড়িতে সকালে খাওয়া দাওয়ার পর অন্যান্যদের সঙ্গে পিকআপ ভ্যানে করে টুনবাড়ি চা বাগানে কাজ করতে যাচ্ছিলেন আলিশা ওঁরাও ও রাধিকা ওঁরাও। সে সময় খাকড়িবস্তি এলাকায় ঝুলে থাকা বিদ্যুতের হাই টেনশন তার তাদের দুজনের গায়ে লেগে যায়। গাড়ি থেকে ছিটকে পড়ে যান দুজনেই। গাড়ির চালক দেরিতে হলেও বুঝতে পেরে তড়িঘড়ি গাড়িটিকে পিছনে নেন। এরপর দুজনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এদিকে ঘটনার কয়েক ঘন্টা কেটে গেলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা উপস্থিত হননি। বেশ কিছুক্ষণ পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা উপস্থিত হলে তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এদিকে মৃত দুজনের বাড়িতে যান কুমলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিতা মুন্ডা। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

অন্যদিকে এই ঘটনায় আহত তিনজন বর্তমানে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে তাদের দেখতে যান জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, কুমলাই গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সুনিতা মুন্ডা সহ অনেকে।  গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সুনিতা মুন্ডা বলেন,”সকালে চা বাগানে কাজে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। তাতে বিদুৎতের শক লেগে দুজনের মৃত্যু হয়। এরপর আমি সেই বাড়িতে যাই। পরবর্তীতে বিডিও অফিসের সাথে যোগাযোগ করে আজকে সেই পরিবার দুটির হাতে সরকারি সহায়তা করা হবে। আমরা পরিবার দুটির পাশে আছি।”

এদিকে বিদ্যুৎ দপ্তরের জলপাইগুড়ি রিজিওনাল ম্যানেজার সঞ্জয় মন্ডল বলেন,” হাই ভোল্টেজ তারের নীচে একটি ক্যাটেল তার থাকে। সেটি দুর্ঘটনার কিছুক্ষণ আগে ঝুলে পড়ে। গাড়িটি শ্রমিক নিয়ে আসার পথে সেই ক্যাটল তারে সম্ভবত লাগে। এরপর দুইজনের মৃত্যু হয়। তিনজন আহত হয়। মৃত ও আহতদের দেখে যতটা মনে হয়েছে বিদুৎতের শক লেগে এই ঘটনা ঘটেনি। তবে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। সেইসাথে স্থানীয়দের দাবি মেনে দুটি পরিবারের একজন করে সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

Related Articles