আচমকাই ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ির একাংশ, হাওড়ায় মৃত ২
পরিবার সূত্রে জানা গিয়েছে, পাশের গ্রাম দক্ষিণ শিয়ালদানদার বাসিন্দা দেবা নিরঞ্জনের বাড়িতে যান খড় কিনতে।
Truth Of Bengal: পুরনো জরাজীর্ণ ‘বিপজ্জনক’ বাড়ির একাংশ ভেঙে মৃত গৃহকর্তা সহ দুই, হাওড়ার জগৎবল্লভপুরের ঘটনায় চাঞ্চল্য। শুক্রবার ঘটনাটি ঘটে স্থানীয় নিজবালিয়া পালপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন নিরঞ্জন ঘোষ (৬৫) ও দেবা সাঁতরা (৩৬)। এদিন সন্ধ্যায় গৃহকর্তা নিরঞ্জন বাবু বাড়ির ভিতরেই ছিলেন। তখন পাশের গ্রামের দেবা তাঁর কাছে খড় কিনতে যান।
সেই সময় আচমকাই দোতলা ওই বাড়ির ছাদ সহ বারান্দার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় এদের। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। জানা গেছে, ওই বাড়িটি প্রায় শতাব্দী প্রাচীন। বাড়িটির দীর্ঘদিন কোনও রক্ষণাবেক্ষণ হয়নি। বাড়ির অনেক শরিক থাকলেও তাঁরা অন্যত্র থাকেন। ৬৫ বছরের নিরঞ্জন বাবু স্ত্রী-পুত্রকে নিয়ে ওই বাড়িতে থাকতেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পাশের গ্রাম দক্ষিণ শিয়ালদানদার বাসিন্দা দেবা নিরঞ্জনের বাড়িতে যান খড় কিনতে। ধান চাষের পর প্রচুর খড় রাখা থাকে বাড়িতে। সেগুলি বিক্রি করেন নিরঞ্জন। বাড়ির বাইরে বেরিয়ে এসে দেবার সঙ্গে দরদাম করছিলেন নিরঞ্জন। তখনই ঘটে যায় মর্মান্তিক ওই দুর্ঘটনা। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা এদের মৃত বলে ঘোষণা করেন।






