রাজ্যের খবর

বৃষ্টির পূর্বাভাসে দুশ্চিন্তা, মাঠ থেকে পাকা ধান কাটতে ব্যস্ত কৃষকরা

অন্যদিকে প্রধান শীতকালীন অর্থকরী ফসল আলু লাগানোর সঠিক সময়ও পেরিয়ে যাবে। ফলে দুই দিক থেকেই চাপে পড়েছেন কৃষকেরা।

সুমন মন্ডল, ঘাটাল: আবহাওয়া দফতরের তরফে দেওয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাস। এরজেরেই দুশ্চিন্তায় কৃষকেরা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও চন্দ্রকোনা এলাকায় এখন মাঠজুড়ে পাকা ধান। ঠিক এই সময় বৃষ্টি হলে একদিকে যেমন পাকা ধানে জল লেগে ব্যাপক ক্ষতির আশঙ্কা, অন্যদিকে প্রধান শীতকালীন অর্থকরী ফসল আলু লাগানোর সঠিক সময়ও পেরিয়ে যাবে। ফলে দুই দিক থেকেই চাপে পড়েছেন কৃষকেরা।

মাঠে দেখা যাচ্ছে হারভেস্টার মেশিন চলছে জোরকদমে, কোথাও আবার কৃষকেরা হাতে ধান কেটে গরুর গাড়িতে বোঝাই করছেন। অনেকেই মাথায় ধানের বোঝা নিয়ে দ্রুত বাড়ির দিকে ছুটছেন। ধান ঘরে তুলতেই এখন সবাই ব্যস্ত।কৃষকরা জানান, আবহাওয়া দফতরের বৃষ্টির খবর পেয়েই আমরা তড়িঘড়ি ধান কাটছি। এখন বৃষ্টি হলে সব ধান নষ্ট হয়ে যাবে। আবার ধান কাটতে দেরি হলে আলু লাগানোর সময়টাও হাতছাড়া হবে। তাই খুব চিন্তায় আছি। ঘাটাল মহকুমার বিভিন্ন গ্রামের কৃষকেরা জানান এমন অবস্থায় একদিনের বৃষ্টি পুরো মরশুমের আয়-রোজগারকে বিপদের মুখে ফেলতে পারে। তাই আবহাওয়ার পূর্বাভাস পেতেই জোরকদমে চলছে ধান কেটে গরুর গাড়িতে বোঝাইয়ের কাজ।

Related Articles