রাজ্যের খবর

বাইক নিয়ে পালানোর সময় ধরে ফেলল পুলিশ! গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ শিক্ষক নেতা মইদুল

সিজিও-র বাইরে দাঁড়িয়েছিলেন রাত ১০টা পর্যন্ত, বাড়ি ফিরতেই মইদুলের ওপর ঝাঁপিয়ে পড়ল পুলিশ!

Truth of Bengal: বঙ্গে ঐতিহাসিক পরিবর্তনের পর থেকেই রাজ্যের বিভিন্ন স্তরের দুর্নীতিবাজ ও তোলাবাজ নেতাদের বিরুদ্ধে অল-আউট অ্যাকশনে নেমেছে নতুন প্রশাসন। এবার সেই তালিকায় যুক্ত হল তৃণমূলের এক হেভিওয়েট শিক্ষক নেতার নাম। ক্ষমতার অপব্যবহার, দেদার দুর্নীতি ও হুমকির অভিযোগে সোমবার ভোরে তৃণমূলের প্রাথমিক শিক্ষা সেলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও জনপ্রিয় নেতা মইদুল ইসলামকে (Moidul Islam) গ্রেফতার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। বর্তমানে তাঁকে থানায় আটকে রেখে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

সিজিও থেকে ফিরতেই পুলিশি ঘেরাটোপ!

তদন্তকারী সূত্রের খবর, সোমবার যখন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা ১১ ঘণ্টা ম্যারাথন জেরা করছিলেন ইডি আধিকারিকরা, তখন দিনভর সিজিও দপ্তরের বাইরে ঠায় দাঁড়িয়েছিলেন এই মইদুল ইসলাম। রাত ১০টার পর অভিষেক সিজিও থেকে বেরোলে মইদুলও ডায়মন্ড হারবারের গুরুদাস নগরের নিজের বাড়িতে ফিরে আসেন। কিন্তু পুলিশ আগে থেকেই তাঁর গতিবিধির ওপর কড়া নজর রাখছিল।

বিপদ আঁচ করতে পেরে সোমবার ভোরবেলা যখন মইদুল বাইক নিয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন, ঠিক তখনই হটুগঞ্জ এলাকা থেকে তাঁকে হাতেনাতে ধরে ফেলে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

লাল থেকে সবুজ, ক্ষমতার জোরে রাজত্ব!

ডায়মন্ড হারবারের গুরুদাস নগরের বাসিন্দা মইদুল ইসলাম একসময় কট্টর সিপিএম (CPM) সমর্থক ছিলেন। কিন্তু ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার আসার পর রাতারাতি শিবির বদল করেন তিনি। পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ হওয়ার পর তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে রাজকীয় উত্থান হয় মইদুলের। তাঁর প্রভাবেই রাতারাতি তৃণমূলের শিক্ষা সংগঠনের রাজ্য সভাপতির মতো বড় পদ পেয়ে যান তিনি।

তবে রাজ্যে বিজেপি সরকার আসার পর মইদুলের বিরুদ্ধে জমা পড়া ভুরি ভুরি দুর্নীতির পুরনো ফাইল নতুন করে খোলা শুরু হয়েছে। এর আগেও একবার তাঁর বাড়িতে পুলিশি তল্লাশি হয়েছিল। রাজ্য পুলিশ যে কোনও মুহূর্তে তাঁকে গ্রেফতার করতে পারে, এই আশঙ্কা খোদ মইদুলেরও ছিল। সেই কারণেই দিনকয়েক আগে ফেসবুকে এক রহস্যময় বার্তাও দিয়েছিলেন তিনি।

Related Articles