সর্বভারতীয় পরীক্ষার জন্য ট্রেনিং প্রদান, জাতীয় স্তরে এগিয়ে বাংলার মেধাবীরা
Providing training for All India Exams, Talents of Bengal advance to national level

The Truth of Bengal: অনেকেই আছেন যাঁরা স্বপ্ন দেখেন কিন্তু স্বপ্নপূরণ করতে পারেন না।সেইসব যুবক-যুবতীদের সাফল্যের সোপানে জায়গা করে দিয়ে এগিয়ে এল চন্দনন্গর পুলিশ কমিশনারেট।নবপ্রজন্ম যাতে ইউপিএসসি বা সর্বভারতীয় পরীক্ষায় মেধার প্রমাণ দিতে পারে সেজন্য শুরু হল প্রশিক্ষণ।নয়া কোচিং সেন্টারের উদ্বোধন করলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি।বই থেকে টিপস,সবই বিনামূল্যে দেওয়া হবে এই স্টেয়ার টু সাকসেস সেন্টার থেকে।
অমলকান্তি’ একটি অমর চরিত্র। প্রত্যেকটি মানুষের অন্তরে লুকিয়ে থাকা অপরিপূর্ণ কিছু আকাঙ্ক্ষার প্রতীক এই অমলকান্তি। আসলে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা অনুসারে বলা যায়, গতানুগতিক জীবনের বিপরীত ধারায় চলার স্বপ্ন দেখা মানুষের প্রতীক অমলকান্তি।এই সমাজে অনেকেই আছেন যাঁরা মাস্টারমশাই,চিকিত্সক বা আইনজীবী হওয়ার বাইরেও অন্যকিছু করার চিন্তা নেন।তাঁদের স্বপ্ন ছোঁয়া সার্থক করতে জীবনের সিঁড়ি গড়ে দিতে এগিয়ে এল চন্দননগর পুলিশ কমিশনারেট। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য চালু করা হল কোচিং সেন্টার “স্টেয়ার টু সাকসেস।”যেখানে ইউপিএসসি থেকে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে।আইনের রক্ষকরাই এখন জীবন গড়ার পণ করে এগিয়ে এল। শিক্ষা দেওয়ার দীক্ষা নিল বলা যায়।
পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, পড়ুয়াদের জন্য একটি গ্রন্থাগার তৈরি করা হয়েছে। সেখানে কোচিং সংক্রান্ত যাবতীয় বই দেওয়া হয়েছে। এই কোচিং হবে সম্পূর্ণই বিনামূল্যে। বুধবার থেকে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যায়। এরপর কয়েক দিনের মধ্যেই ছাত্র ছাত্রীদের নিয়ে কোচিং ক্লাস চালু করে দেওয়া হবে।চাঁপদানী মূলত জুটমিল এলাকা।মিশ্র ভাষাভাষী মানুষের বাস।অর্থনৈতিক ভাবে কিছুটা পিছিয়ে পড়া।যারা উচ্চমাধ্যমিক পাশ করছে বা কলেজ পড়ুয়া তাঁদের চাকরির পরীক্ষার প্রশিক্ষণ নিতে সমস্যা হয়।তাঁদের কথা ভেবে বিনা মূল্যে এই কোচিং চলবে।ছাত্র ছাত্রীদের ভবিষ্যত গড়তে খোদ পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারীকরা পড়াবেন।জনপ্রতিনিধিরাও কৃতীদের কৃতিত্ব প্রমাণের সুযোগ সৃষ্টির প্রশংসা করেছেন।
এখন আইএএস ও আইপিএস হওয়ার জন্য আর দিল্লিতে ছুটতে হবে না, নিজের জেলা ছেড়ে আর আসতে হবে না কলকাতায়। ২৬টি জেলায় রাজ্য সরকারের সহযোগিতায় তৈরি করা হয়েছে ‘সিভিল সার্ভিস ডিস্ট্রিক স্টাডি কোচিং সেন্টার’।এর পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে মেধাবীদের বিশ্বজয়ের সুযোগ তৈরি করা যাবে বলে মনে করছেন পুলিশ কর্তাদের মতোই বিধায়ক থেকে পুরসভার কর্তারাও।






