বেকার যুবক-যুবতীদের জন্য বাম্পার খবর! পুজোর আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা?
আর অপেক্ষা নয়! শুভেন্দু সরকারের বিরাট উপহার, চালু হচ্ছে ‘যুবশক্তি’ প্রকল্পের পোর্টাল
Truth of Bengal: নির্বাচনী ময়দানে দেওয়া প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করতে বড় পদক্ষেপ নিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সরকার গঠনের পর থেকেই শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কবে থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে প্রতিশ্রুতি দেওয়া ভাতা? এবার রাজ্য জুড়ে যুব সমাজের সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। সব ঠিকঠাক থাকলে আসন্ন দুর্গাপুজোর আগেই আনুষ্ঠানিকভাবে খুলে যাচ্ছে ‘বেকারভাতা’র নতুন পোর্টাল।
রাজ্যের নবগঠিত বিজেপি সরকার এই নতুন বেকারভাতা প্রকল্পের নামকরণ করেছে ‘যুবশক্তি প্রকল্প’। বিগত সরকারের আমলের ‘যুবশ্রী’ ও ‘যুবসাথী’, এই দুটি প্রকল্পকেই এবার একত্রিত করে নতুন ‘যুবশক্তি’র সঙ্গে যুক্ত করা হচ্ছে। আগের সমস্ত ব্যবস্থার তুলনায় এই নয়া রূপটি বেকারদের জন্য অনেকটাই বেশি সুবিধাজনক হতে চলেছে। সবচেয়ে বড় বিষয় হলো, এই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়িয়ে একধাক্কায় দ্বিগুণ করা হয়েছে। যেখানে আগে মাসে দেড় হাজার টাকা করে মিলত, সেখানে এবার থেকে যোগ্য প্রার্থীরা অনেক বেশি আর্থিক সহায়তা পাবেন।
উল্লেখ্য, নতুন এই যুবশক্তি প্রকল্পের অধীনে কর্মহীন গ্র্যাজুয়েট বা স্নাতক যুবক-যুবতীরা প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা করে। আর যারা নন-গ্র্যাজুয়েট বা স্নাতক নন, তাঁদের জন্য ধার্য করা হয়েছে মাসে দুই হাজার টাকা। নির্বাচনী প্রচারের সময় দেওয়া এই প্রতিশ্রুতি পূরণ করে রাজ্য বাজেটেও এর জন্য বিশেষ অর্থ বরাদ্দ করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে ভাতার সুবিধা যাতে প্রকৃত যোগ্য প্রার্থীরাই পান, তার জন্য বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালিয়ে সমস্ত আবেদনকারীর যোগ্যতামান খতিয়ে দেখা হবে।
বর্তমানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুরো প্রকল্পটির দেখভাল ও বাস্তবায়নের দায়িত্বে থাকবে রাজ্য যুবকল্যাণ দফতর। এই বিষয়ে যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানান, রাজ্যে পূর্ণাঙ্গ কর্মসংস্থান সৃষ্টি না হওয়া পর্যন্ত শিক্ষিত যুবসমাজের পাশে শক্ত হয়ে দাঁড়াবে বর্তমান সরকার। ২১ থেকে ৪০ বছর বয়সী যোগ্য বেকাররা এই সুবিধার আওতায় আসবেন।
পুরোনো যুবশ্রী স্কিমটি আগে শ্রম দপ্তরের অধীনে থাকলেও, নতুন এই সমন্বিত যুবশক্তি সম্পূর্ণভাবে যুবকল্যাণ দফতরের নজরদারিতে পরিচালিত হবে। পুজোর মুখেই এই পোর্টাল চালু হওয়ার খবরে স্বভাবতই খুশির হাওয়া রাজ্যের বেকার সমাজে।






