রাজ্যের খবর

Poush Mela: পৌষ মেলা উপলক্ষে বোলপুরে যাত্রী ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Truth of Bengal: পৌষ মেলাকে কেন্দ্র করে শান্তিনিকেতন–বোলপুরে বাড়তি যাত্রী ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। মেলার ক’দিনে পর্যটক ও যাত্রীদের যাতায়াত স্বাচ্ছন্দ্যময় করতে ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব রেল সূত্রে জানা গেছে, 03001 হাওড়া–বোলপুর স্পেশাল এক্সপ্রেস (ভায়া ব্যান্ডেল) প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে সকাল ৯টা ৫৫ মিনিটে বোলপুর স্টেশনে পৌঁছাবে। একই দিনে 03002 বোলপুর–হাওড়া স্পেশাল এক্সপ্রেস (ভায়া ব্যান্ডেল) সকাল ১১টা ৫০ মিনিটে বোলপুর থেকে রওনা দিয়ে দুপুর ২টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। এই স্পেশাল ট্রেনটি যাতায়াতের পথে উভয় দিকেই ব্যান্ডেল, বর্ধমান ও গুসকরা স্টেশনে যাত্রী ওঠানামার জন্য থামবে। ফলে হুগলি ও পূর্ব বর্ধমান জেলার যাত্রীরাও এই বিশেষ পরিষেবার সুবিধা পাবেন।

প্রতিবছর পৌষ মেলা উপলক্ষে শান্তিনিকেতনে দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে। সেই সময় ট্রেন ও অন্যান্য পরিবহণ ব্যবস্থায় বাড়তি চাপ পড়ে। যাত্রী ভোগান্তি কমাতে এবং উৎসবের সময় যাতায়াত আরও নির্বিঘ্ন করতে আগাম এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। রেল আধিকারিকদের মতে, স্পেশাল এক্সপ্রেস চালু হওয়ায় পৌষ মেলা উপলক্ষে বোলপুরমুখী যাত্রীদের যাতায়াতে উল্লেখযোগ্য সুবিধা হবে।

Related Articles