কলকাতারাজ্যের খবর

‘শক্তিরূপেণ সংস্থিতা’, স্মৃতি ইরানিকে পাশে রেখে নতুন রূপে অভয়ার মায়ের মনোনয়ন পেশ

দলীয় স্লোগানের পাশাপাশি ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানও জোরালো হয়ে ওঠে

Truth Of Bengal: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন ‘অভয়া’র মা রত্না দেবনাথ। ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে তাঁর মনোনয়ন পেশের সময় সঙ্গী ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং বিজেপি নেতা বিপ্লব দেব। এদিনের কর্মসূচিতেও রত্না দেবনাথের পোশাকের মাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তা রাজনৈতিক মহলের নজর কেড়েছে।

এর আগে প্রচারের সময় তাঁর শাড়ির পাড়ে ‘মেরুদণ্ড বিক্রি নেই’ লেখা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর পরনের শাড়িতে লেখা ছিল ‘শক্তিরূপেণ সংস্থিতা’। আরজি কর কাণ্ডের পর থেকে সুবিচারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, মনোনয়ন পেশের আগের মিছিলেও তার প্রতিফলন দেখা যায়। স্মৃতি ইরানি ও বিপ্লব দেবের উপস্থিতিতে বিশাল মিছিলে দলীয় স্লোগানের পাশাপাশি ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানও জোরালো হয়ে ওঠে।

মনোনয়ন পেশের জন্য ৯ তারিখকে বেছে নেওয়ার নেপথ্যে এক আবেগঘন কারণ জানিয়েছেন রত্না দেবনাথ। তিনি জানান, কোনও এক ৯ তারিখেই তাঁর মেয়ে তাঁর কোলে এসেছিল, আবার এক অভিশপ্ত ৯ তারিখেই তাঁকে কেড়ে নেওয়া হয়েছিল। তাই মেয়ের স্মৃতিকে পাথেয় করেই এই বিশেষ দিনে লড়াইয়ের ময়দানে নামলেন তিনি। এদিন রত্না দেবনাথের সমর্থনে স্মৃতি ইরানি বলেন, “রত্না দেবী শুধু বিজেপির প্রার্থী নন, তিনি বাংলার প্রতিটি লাঞ্ছিত মহিলার প্রতীক। তাঁর হাত ধরেই বাংলা সুবিচার পাবে।” স্মৃতির কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় অভয়ার মাকে।

এলাকার মানুষের উদ্দেশে রত্না দেবনাথ জানান, তাঁর ব্যক্তিগত যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, তবে বিধানসভায় পৌঁছে তিনি নারী নিরাপত্তার প্রশ্নে সরব হবেন। কোনও মহিলাকে যাতে আর অত্যাচারের শিকার হতে না হয়, সেটাই হবে তাঁর মূল লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পানিহাটি কেন্দ্রে আরজি করের আবেগ এবং নারী নিরাপত্তাকেই তুরুপের তাস করতে চাইছে বিজেপি, যার অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন অভয়ার মা।

Related Articles