রাজ্যের খবর

“ডবল ডবল চাকরি নয়, দিয়েছেন ডবল ডবল ধোঁকা!”, মমতাকে নজিরবিহীন আক্রমণ মোদির

২০২১-এর ভোটের আগে দেওয়া ‘ডবল ডবল চাকরি’র প্রতিশ্রুতিকে আজ ‘ডবল ডবল ধোঁকা’ বলে কটাক্ষ করলেন মোদি।

Truth of Bengal: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ দখলে বিজেপির প্রধান হাতিয়ার যে নিয়োগ দুর্নীতি এবং বেকারত্ব, তা আজ হলদিয়ার সভা থেকে আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার হলদিয়ার মেগা জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো প্রতিশ্রুতিকে হাতিয়ার করে তীব্র আক্রমণ শানালেন তিনি। ২০২১-এর ভোটের আগে দেওয়া ‘ডবল ডবল চাকরি’র প্রতিশ্রুতিকে আজ ‘ডবল ডবল ধোঁকা’ বলে কটাক্ষ করলেন মোদি।

হলদিয়ার ভিড় ঠাসা জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের ডবল ডবল ধোঁকা দেওয়া হয়েছে। রাজ্যে শিল্প নেই, নতুন কোনো কারখানা নেই। যুবসমাজ আজ দিশেহারা। এমনকি বেসরকারি ক্ষেত্রেও নিয়োগের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।” মমতা সরকারকে কাঠগড়ায় তুলে তিনি আরও অভিযোগ করেন যে, বাংলার ভূমিপুত্রদের বঞ্চিত করে অনুপ্রবেশকারীদের চাকরির সুযোগ করে দিচ্ছে তৃণমূল সরকার।

বেকারত্বের জ্বালা মেটাতে এদিন ‘মোদির গ্যারান্টি’ কার্ড খেললেন প্রধানমন্ত্রী। তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যে কেন্দ্রীয় ধাঁচে ‘রোজগার মেলা’ শুরু হবে। মোদির কথায়, “বিজেপিশাসিত রাজ্যে নিয়মিত রোজগার মেলা হয়। বাংলায় বিজেপি সরকার গড়লেই যুবকরা নিজের রাজ্যে মাথা উঁচু করে কাজ পাবে। যার যা অধিকার, সেটাই দেবে বিজেপি। এটাই মোদির গ্যারান্টি।”

রাজনৈতিক মহলের মতে, একুশের নির্বাচনে আশানুরূপ ফল না মেলায় ছাব্বিশের লড়াইয়ে কোনো খামতি রাখতে চাইছে না পদ্মশিবির। দুর্নীতি ইস্যুকে সামনে রেখে তরুণ প্রজন্মের ভোটব্যাঙ্ক নিশ্চিত করতেই মোদি-শাহরা এখন বারবার বাংলায় আসছেন। আজ হলদিয়া থেকে মোদির এই ‘রোজগার মেলা’র প্রতিশ্রুতি বেকার যুবক-যুবতীদের মনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই বড় প্রশ্ন।

Related Articles