আন্তর্জাতিক

হঠাৎ সিদ্ধান্ত ইরানের! ভারতীয় নাগরিকদের ভিসা–ছাড় সুবিধা বন্ধ করল ইরান

ইরান গত বছরের ফেব্রুয়ারিতে ভারত-সহ ৩০টি দেশের নাগরিকদের জন্য ভিসা-ছাড় সুবিধা চালু করেছিল পর্যটন বাড়ানোর উদ্দেশ্যে।

Truth Of Bengal: আগামী ২২ নভেম্বর থেকে ইরানে আর বিনা ভিসায় প্রবেশ করতে পারবেন না ভারতীয় নাগরিকেরা। ইরান সরকার হঠাৎই তাদের ভিসা-ছাড় সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করায় নতুন করে সতর্কবার্তা জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। গত দেড় বছর ধরে ভারতীয় পর্যটকেরা সাধারণ পাসপোর্ট নিয়েই ভিসা   মুক্তভাবে ইরানে যেতে পারতেন, তা এখন বন্ধ করে দেওয়া হচ্ছে।

ইরান গত বছরের ফেব্রুয়ারিতে ভারত-সহ ৩০টি দেশের নাগরিকদের জন্য ভিসা-ছাড় সুবিধা চালু করেছিল পর্যটন বাড়ানোর উদ্দেশ্যে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, কয়েকটি আন্তর্জাতিক দুষ্কৃতীচক্র এই সুবিধার অপব্যবহার করছে। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী  চাকরির প্রলোভন, তৃতীয় দেশে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বা থাকার ব্যবস্থার আশ্বাস  দিয়ে ভারতীয়দের ইরানে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে নিয়ে গিয়ে তাঁদের অপহরণ করে মুক্তিপণ দাবি করার মতো একাধিক ঘটনা ভারতের নজরে এসেছে। ভিসামুক্ত প্রবেশাধিকার থাকায় দুষ্কৃতীরা সহজেই ভারতীয়দের ইরানে ঢুকিয়ে এসব অপরাধ করছে।

এই পরিস্থিতি ঠেকাতেই ইরান সরকার ভারতীয় নাগরিকদের জন্য ভিসা-ছাড় সুবিধা স্থগিত করেছে বলে জানিয়েছে নয়াদিল্লি।২২ নভেম্বর থেকে ইরানে যেতে হলে ভিসা লাগবে।ইরানের বিমানবন্দর ট্রানজিট করলেও ভিসা বাধ্যতামূলক।পর্যটন, কাজ বা তৃতীয় দেশে যাওয়ার উদ্দেশ্যে ইরান সফর—সব ক্ষেত্রেই আগাম ভিসা নিতে হবে।ভিসামুক্ত যাতায়াতের প্রতিশ্রুতি দিয়ে এজেন্টদের ফাঁদে না পড়ার সতর্কতা দিয়েছে বিদেশ মন্ত্রক।ভারত ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে এই ভিসা-ছাড় নীতি চালু করেছিল তেহরান। প্রতিবছর বহু ভারতীয় পর্যটক ইরানে যান। কিন্তু চোরাচালান, মানব পাচার ও প্রতারণা বাড়তে থাকায় ইরান সেই সুবিধা আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।সতর্কবার্তা জারি করে ভারত সরকার জানিয়েছে—ইরান সফরের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত নিয়ম কঠোরভাবে মানা এবং অচেনা এজেন্টদের প্রতিশ্রুতিতে বিশ্বাস না করাই এখন সবচেয়ে জরুরি।

Related Articles