ভোটের মুখে ‘অভয়ার মা’কে পুলিশের সমন! কড়া জবাব দিলেন বিজেপি প্রার্থী
মুখ্যমন্ত্রীকে নিয়ে কটু মন্তব্য? ভাইরাল ভিডিওর জেরে রত্না দেবনাথের বাড়িতে হাজির পুলিশ!
Truth of Bengal: ভোটের নির্ঘণ্ট বেজে যাওয়ার পর থেকেই পানিহাটির রাজনৈতিক উত্তাপ ছিল তুঙ্গে। এবার সেই উত্তাপে ঘি ঢালল পুলিশের সমন। নির্বাচনের ঠিক মুখে পানিহাটির বিজেপি প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথকে তলব করল পুলিশ। তবে সেই সমন গ্রহণ করতে অস্বীকার করেছেন তিনি। রত্না দেবীর দাবি, নোটিসে তাঁর স্বামীর নামে ভুল থাকায় তিনি সেটি গ্রহণ করেননি।
ঘটনার সূত্রপাত রত্না দেবনাথের একটি মন্তব্যকে কেন্দ্র করে। অভিযোগ, বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর নির্বাচনী প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কিছু কটু মন্তব্য করেছিলেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে বলে জানা যাচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে সরাসরি হেনস্তার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। রত্না দেবনাথ সংবাদমাধ্যমে জানান, “ওদের (তৃণমূলের) ভাণ্ডারে এমন কিছু নেই যা দিয়ে আমাকে রাজনৈতিকভাবে আক্রমণ করতে পারে। তাই এখন পুলিশকে ব্যবহার করে সমন পাঠিয়ে হেনস্তা করার চেষ্টা চলছে। কিন্তু এসব করে আমাকে ভয় দেখানো যাবে না।” তাঁর এই কড়া মেজাজ পানিহাটির নির্বাচনী লড়াইকে অন্য মাত্রা দিয়েছে।
অন্যদিকে, তৃণমূল শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইনের উর্ধ্বে কেউ নন। প্ররোচনামূলক মন্তব্য করলে পুলিশ তার কাজ করবেই। প্রথম দফার ভোটের ঠিক প্রাক্কালে পানিহাটির বিজেপি প্রার্থীকে এই পুলিশি সমন ঘিরে শাসক-বিরোধী তরজা এখন তুঙ্গে। নির্বাচন কমিশন এই ঘটনায় হস্তক্ষেপ করে কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।



