রাজ্যের খবর

“অপরাধীরা মুখ খুলে ঘুরলে আমার মেয়ে কেন আড়ালে?” ছবি প্রকাশ্যে আনতে মোদির কাছে আর্জি অভয়ার মায়ের

রত্না দেবনাথের দাবি, নির্যাতিতার পরিচয় গোপন রাখার এই প্রথা বদলানো প্রয়োজন

Truth of Benngal: অভয়া কাণ্ডের বিচার চেয়ে চলা দীর্ঘ লড়াই এবার এক নতুন মোড় নিল। এতদিন সুপ্রিম কোর্টের কড়া আইনি বিধি মেনে নির্যাতিতার নাম এবং ছবি গোপন রাখা হয়েছিল। এমনকি তাঁর পরিবারের সদস্যদের পরিচয়ও আড়ালে রাখা হত। তবে সময় বদলেছে; নির্যাতিতার মা রত্না দেবনাথ এখন সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন এবং পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। এই আবহে খোদ প্রধানমন্ত্রীর কাছে এক বিশেষ আর্জি জানিয়েছেন তিনি— নিজের মেয়ের নাম ও ছবি প্রকাশ্যে আনতে চান রত্নাদেবী।

রত্না দেবনাথের দাবি, নির্যাতিতার পরিচয় গোপন রাখার এই প্রথা বদলানো প্রয়োজন। তাঁর যুক্তি অত্যন্ত স্পষ্ট; তিনি মনে করেন, যারা জঘন্য অপরাধ করে তারা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, অথচ যার ওপর অন্যায় হয়েছে তাকেই ‘নির্যাতিতা’ তকমা দিয়ে আড়ালে রাখা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তাঁর অনুরোধ, একটি নতুন বিল বা আইন আনা হোক যাতে নির্ভয়া বা অভয়ার মতো মেয়েদের ছবি ও নাম বিশ্বজুড়ে সবাই জানতে পারে। লজ্জার আবরণে তাঁদের ঢেকে না রেখে বরং তাঁদের লড়াইকে সামনে আনাই এখন রত্নাদেবীর মূল লক্ষ্য।

উল্লেখ্য, আরজি করের ঘটনার পর যখন গোটা বিশ্ব প্রতিবাদে মুখর হয়েছিল, তখন বারবারই নির্যাতিতার বাবা-মায়ের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শুরুতে তাঁরা শুধুমাত্র বিচারের দাবিতে অটল থেকে রাজনীতির কথা অস্বীকার করলেও, শেষ পর্যন্ত ন্যায়বিচারের লড়াইকে আরও বড় মঞ্চে নিয়ে যেতে পদ্মশিবিরের হাত ধরেছেন। বিজেপি নেতৃত্ব পানিহাটি আসনে রত্না দেবনাথের ওপর আস্থা রেখে তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

আগামী ২৭ তারিখ পানিহাটি বিধানসভা কেন্দ্রে রত্না দেবনাথের হয়ে প্রচার করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলীয় সূত্রে খবর, প্রচারের পাশাপাশি প্রধানমন্ত্রী নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখাও করতে পারেন। মেয়ের স্মৃতি আর বিচারের দাবিকে সম্বল করে রত্নাদেবী এখন নির্বাচনী ময়দানে। প্রধানমন্ত্রীর কাছে তাঁর এই সাম্প্রতিক আবেদন রাজনৈতিক এবং সামাজিক— উভয় স্তরেই নতুন করে চর্চা শুরু করেছে। এখন দেখার, আইনি জটিলতা কাটিয়ে নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আনার এই আরজি ভবিষ্যতে কোনো বড় পরিবর্তনের রূপরেখা তৈরি করে কি না।

Related Articles