কলকাতারাজ্যের খবর

Monsoon Exit: কলকাতায় আবহাওয়ার নাটকীয় পরিবর্তন শুরু! কী জানাল আবহাওয়া দফতর?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১২ অক্টোবর রবিবার থেকে উত্তরবঙ্গে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে, আর তার ঠিক ছয় দিন পর, অর্থাৎ ১৮ অক্টোবর, বর্ষা দক্ষিণবঙ্গ থেকেও বিদায় নেবে।

Truth of Bengal: দীর্ঘ দিনের অপেক্ষার অবসান। শেষমেশ রাজ্য থেকে ধীরে ধীরে বিদায় নিতে চলেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১২ অক্টোবর রবিবার থেকে উত্তরবঙ্গে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে, আর তার ঠিক ছয় দিন পর, অর্থাৎ ১৮ অক্টোবর, বর্ষা দক্ষিণবঙ্গ থেকেও বিদায় নেবে। তবে এই বিদায়ের আগে রাজ্যের আবহাওয়ায় দেখা দিচ্ছে শেষ মুহূর্তের কিছু পরিবর্তন। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মৌসুমী বায়ু এখন আর রাজ্যে অতি ভারী বৃষ্টি ঘটানোর মতো সক্রিয় নয়। যদিও বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের কারণে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে বাংলায়, যার ফলে বিভিন্ন অঞ্চলে সাময়িক বৃষ্টিপাত দেখা যাচ্ছে (Monsoon Exit)।

এই আবহে শনিবার, ১১ অক্টোবর দক্ষিণবঙ্গের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে আবহাওয়া দফতর। সংশ্লিষ্ট জেলাগুলি হল: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। তবে আশার বিষয়, শুক্রবারের তুলনায় শনিবারের বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে। আবহাওয়ার পরিবর্তন শুরু হবে রবিবার থেকে, যখন দক্ষিণবঙ্গে আর কোনও বৃষ্টিপাতের সতর্কতা থাকবে না। এরপর রাজ্যের আকাশে ধীরে ধীরে শুষ্ক ভাব দেখা যাবে। বিশেষ করে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কলকাতার আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। ভোরের দিকে শহরে থাকবে শুষ্কতা, কিন্তু আবহবিদদের মতে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য এখনই খুব বেশি হবে না। তবে আবহাওয়ার বদলের ছাপ স্পষ্ট হবে আর্দ্রতার হ্রাসে (Monsoon Exit)।

উত্তরবঙ্গে আপাতত কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে দফতর। আকাশ থাকবে আংশিক মেঘলা, এবং স্থানীয় ভাবে হালকা বজ্রবিদ্যুৎ-সহ অল্প বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহান্তের দিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে আসবে, ফলে বৃষ্টির প্রবণতাও ক্রমশ হ্রাস পাবে। কলকাতায় শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আবহাওয়া বিভাগের রিপোর্ট অনুযায়ী: শনিবারের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি (স্বাভাবিকের তুলনায় ১° কম)। শনিবার সকালবেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি (স্বাভাবিকের তুলনায় ১° কম)। জলীয় বাষ্পের সর্বোচ্চ মাত্রা ১০০%। সর্বনিম্ন আর্দ্রতা: ৭৩%। এই পরিসংখ্যানই দেখাচ্ছে, বর্ষা বিদায়ের প্রাক্কালে আর্দ্রতা এখনও বেশি থাকলেও ধীরে ধীরে তা কমে আসবে (Monsoon Exit)।

Related Articles