কলকাতারাজ্যের খবর

উত্তরবঙ্গে বর্ষার দাপট, দক্ষিণেও ঢুকছে মৌসুমি বায়ু! আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা?

উত্তরবঙ্গের তিন থেকে চারটি জেলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে

Truth of Bengal: উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। তার জেরেই আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই আগামী সাত দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের দু-একটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি আট জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর পাশাপাশি উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে। উত্তরবঙ্গের তিন থেকে চারটি জেলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। বাংলার বাকি জেলাগুলিতেও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশাতেও বর্ষার প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে যেখানে বৃষ্টি হবে না, সেখানে গরম ও অস্বস্তি বজায় থাকবে। আগামী সাত দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতাতেও আজ সকাল থেকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

Related Articles