বছরের শুরুতেই সাধারণ মানুষের মুখে হাসি, হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দিল পুলিশ
বৃহস্পতিবার ইংরেজি নববর্ষের প্রথম দিনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মোবাইলগুলি হস্তান্তর করা হয়।
Truth Of Bengal: নতুন বছরের প্রথম দিনেই খুশি ফুটল কয়েকজন সাধারণ মানুষের মুখে। বীরভূম জেলা পুলিশের বিশেষ উদ্যোগ ‘অপারেশন প্রাপ্তি’-র মাধ্যমে উদ্ধার হওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল মহম্মদ বাজার থানার পুলিশ। বৃহস্পতিবার ইংরেজি নববর্ষের প্রথম দিনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মোবাইলগুলি হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে বিভিন্ন সময়ে মহম্মদ বাজার থানায় মোবাইল হারানোর একাধিক অভিযোগ জমা পড়েছিল। বীরভূম জেলা পুলিশের নির্দেশে গঠিত বিশেষ টিম ‘অপারেশন প্রাপ্তি’ প্রযুক্তিগত সহায়তায় সেই হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া মোট ৫০টি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার জন্য বছরের প্রথম দিনটিকে বেছে নেয় পুলিশ প্রশাসন।
এদিন মহম্মদ বাজার থানায় আয়োজিত একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি), সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। মোবাইল ফেরত দেওয়ার পাশাপাশি প্রত্যেক মালিকের হাতে শুভেচ্ছা হিসেবে একটি করে গোলাপ ফুলও তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
হারিয়ে যাওয়া ফোন ফিরে পাবেন এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন অনেক মালিক। নতুন বছরের শুরুতে একদিকে যেমন ফোন ফিরে পেলেন, অন্যদিকে পুলিশের কাছ থেকে গোলাপ ফুল পেয়ে তারা আপ্লুত। ফোন ফেরত পেয়ে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। উপস্থিত এক মোবাইল মালিক জানান, “ভাবিনি ফোনটা ফিরে পাব, পুলিশের এই উদ্যোগে আমরা সত্যিই খুশি।”
বীরভূম জেলা পুলিশের এই ‘অপারেশন প্রাপ্তি’ আগামী দিনেও জেলায় সক্রিয় থাকবে এবং সাধারণ মানুষের হারানো সম্পদ পুনরুদ্ধারে একইভাবে কাজ করে যাবে বলে জানানো হয়েছে।






