রাজ্যের খবর

আজ বারুইপুরে অভিষেকের জনসভা

শুক্রবার তিনি বিশাল জনসভা করতে চলেছেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।

Truth Of Bengal: আর মাত্রই ক’টা মাস বাকি। তার পরেই ভোটের ডঙ্কা বেজে যাবে বঙ্গে। তবে তার আগেই রাজ্যের রাজনৈতিক দলগুলি আসরে নেমে পড়েছে কোমর বেঁধে। উদ্দেশ্য অবশ্যই নিজেদের ঘর গোছানো এবং ভোটারদের আকৃষ্ট করা নিজেদের দিকে। শুধু ভোটারদের নয়, সারা রাজ্যে নেতা থেকে শুরু করে কর্মী-সমর্থকদের মনোবল বাড়ানো এবং ছাব্বিশের ভোটের রণকৌশল ঠিক করে দিতে একদিকে জেলায় জেলায় সফর করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি এবার মাঠে নেমেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার তিনি বিশাল জনসভা করতে চলেছেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।

১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের ক্রমবর্ধমান পরিবারের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিবর্তনের আন্দোলন হিসেবে যা শুরু হয়েছিল তা এখন একটি শক্তিশালী গণতান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে।’ তৃণমূল কর্মীদের উদ্দেশে তিনি লেখেন,‘আপনাদের শৃঙ্খলা, আপনাদের ত্যাগ এবং আপনাদের অটল বিশ্বাসই আমাদের রাজনীতিকে ইন্ধন জোগায়। যতক্ষণ আমরা আমাদের মা, মাটি, মানুষের প্রতি অটল থাকব, ততক্ষণ কোনও শক্তি, তা যতই অহংকারী বা নিপীড়ক হোক না কেন, বাংলার সম্মিলিত সংকল্পকে পরাজিত করতে পারবে না।’

এক্স হ্যান্ডলের পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকেও নিশানা করেছেন। তিনি লিখেছেন, ‘আমরা জনগণের পাশে দাঁড়ানোর, তাদের গণতান্ত্রিক কণ্ঠস্বরকে রক্ষা করার এবং বাংলা-বিরোধী জমিদারি ক্ষমতার দ্বারা বাংলার কেউ যাতে হয়রানি, অপমানিত বা ভয় না পায় তা নিশ্চিত করার জন্য আমাদের অঙ্গীকার পুনর্নবীকরণ করছি।’ বাংলাজুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। শুনানি পর্ব চলাকালীন নতুন বছরে প্রথম দিনই আরও দু’জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়ায়। তার আগের দিন নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার এবং ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা।

প্রায় আড়াই ঘণ্টা বৈঠকের পর বেরিয়ে এসে বিস্ফোরক বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবহে শুক্রবার বারুইপুরে তাঁর জনসভা যে জনপ্লাবনের রূপ নেবে, তা বুঝেই আগাম একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে বারুইপুরের সভায় সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে মঞ্চসজ্জা। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে যেভাবে র‌্যাম্পের আদলে মঞ্চ তৈরি হয়েছিল, এখানেও তার পুনরাবৃত্তি হতে চলছে। ক্রস র‌্যাম্পের মতো তৈরি হয়েছে মঞ্চ। এর ফলে একেবারে জনতার মাঝে উপস্থিত হয়ে বক্তৃতা দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো থেকে শুরু হবে জনসভা। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফে।

Related Articles