বালুরঘাটে ভারতীয় সেনার মেগা শো! রোবট কুকুর থেকে আধুনিক কামান- জওয়ানদের পরাক্রমে মুগ্ধ সীমান্তবাসী
সাধারণ মানুষের সামনে সেনাবাহিনীর আধুনিক যুদ্ধ প্রস্তুতি ও প্রযুক্তির ঝলক তুলে ধরাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য।
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: ভারতীয় সেনার উদ্যোগে ২১ ও ২২ ডিসেম্বর বালুরঘাটে দু’দিন ব্যাপী শুরু হয়েছে ‘স্বশক্ত সেনা, বিকশিত ভারত’ শীর্ষক সেনা মহড়া কর্মসূচি—যা কার্যত এক বিশাল সেনা মেলার রূপ নিয়েছে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক বুধরাই টুডু, বিধায়ক সত্যেন রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সাধারণ মানুষের সামনে সেনাবাহিনীর আধুনিক যুদ্ধ প্রস্তুতি ও প্রযুক্তির ঝলক তুলে ধরাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য।
মহড়ায় প্রদর্শিত হয় সেনাবাহিনীর ব্যবহৃত অত্যাধুনিক ড্রোন, ১৫৫ মিমি নাগ্রাস কামান, এল-৭০ এয়ার ডিফেন্স রাডার, ১৩০ মিমি মিডিয়াম গানার-সহ নানা ভারী অস্ত্রশস্ত্র। বিশেষ আকর্ষণ ছিল রোবট কুকুরের মতো অত্যাধুনিক প্রযুক্তি, যা দর্শকদের বিস্মিত করে। পাশাপাশি আর্মি ডগদের নানা কসরত ও শারীরিক দক্ষতার প্রদর্শনও নজর কাড়ে।শুধু যুদ্ধ সরঞ্জাম নয়, দেশের বিভিন্ন প্রান্তের সেনা রেজিমেন্ট—কুমায়ুন, গোর্খা, মারাঠা রেজিমেন্ট-সহ একাধিক বাহিনীর সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। ভাঙড়া নৃত্য থেকে শুরু করে সেনাদের শারীরিক কসরত—সব মিলিয়ে রীতিমতো উৎসবের মেজাজে ভরে ওঠে গোটা মাঠ।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, স্বশক্ত সেনা, বিকশিত ভারত’ এই মন্ত্রকে সামনে রেখে এই সেনা মেলার আয়োজন। এখানে ভারতীয় সেনা তাদের যুদ্ধ কৌশল ও পরাক্রম প্রদর্শন করেছে। এই মেলা শুধু সেনাবাহিনীর কাজ দেখানোর জন্য নয়, আগামী দিনে যুবসমাজকে সেনাবাহিনীতে যোগদানে উৎসাহিত করাই এর লক্ষ্য।
বাংলাদেশের উগ্র মৌলবাদীদের হুমকি প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, ফাঁকা কলসি বাজে বেশি। বফর্স কামানের দিকে ইঙ্গিত করে তাঁর সংযোজন, ওদের শান্ত করতে এরকম পাঁচটা থাকলেই যথেষ্ট।সব মিলিয়ে প্রায় তিন ঘণ্টার এই সেনা মহড়া বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরবাসীর মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়েছে। সীমান্ত শহরে ভারতীয় সেনার শক্তি ও শৃঙ্খলা দেখে গর্বিত সাধারণ মানুষ—নিজেদের ভারতীয় হিসেবে আরও একবার দৃঢ় বিশ্বাসে উজ্জীবিত করল এই সেনা মেলা।






