আসানসোলে পুলিশের ‘এনকাউন্টার’! পাল্টা গুলিতে জখম হয়ে পাকড়াও ফেরার অভিযুক্ত ‘প্যাও’
ঘনবসতিপূর্ণ ইসমাইল এলাকায় রুদ্ধশ্বাস অভিযান! বাড়ির পাঁচিল টপকে, অলিগলিতে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় পাকড়াও অভিযুক্ত
উজ্জ্বল দাশগুপ্ত, আসানসোল: ফেরার অভিযুক্তকে ধরতে গিয়ে পশ্চিম বর্ধমানের আসানসোলে পুলিশের ‘এনকাউন্টার’। শুক্রবার সকালে হিরাপুর থানা এলাকার ইসমাইলে একটি বাড়িতে লুকিয়ে থাকা প্রতাপ দাস নামে এক অভিযুক্ত যুবক পুলিশকে দেখেই গুলি চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে অভিযুক্তের ডান পায়ে গুলি লাগে। এরপর গুলিবিদ্ধ অবস্থায় এলাকারই একটি বাড়ি থেকে তাকে পাকড়াও করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল দক্ষিণ থানায় প্রতাপের বিরুদ্ধে একটি সাইবার প্রতারণার মামলা দায়ের হয়েছিল। সেই ঘটনার তদন্তে বুধবারই ইসমাইল এলাকায় তাকে গ্রেফতার করতে অভিযানে নেমেছিল পুলিশ। কিন্তু সেদিন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় প্রতাপ। গত দু’দিন ধরে তার ওপর কড়া নজরদারি চালানোর পর শুক্রবার সকালে গোপন সূত্রে পুলিশ খবর পায় যে, ইসমাইল এলাকারই একটি বাড়িতে আগ্নেয়াস্ত্র হাতে ঘাপটি মেরে রয়েছে সে। খবর পাওয়ামাত্রই হিরাপুর থানার পুলিশের নেতৃত্বে স্পেশ্যাল অপারেশন গ্রুপ (SOG) ঘনবসতিপূর্ণ ওই এলাকায় অভিযান শুরু করে। পুলিশ আধিকারিকদের হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির পাঁচিলে উঠে এবং অলিগলিতে তল্লাশি চালাতে দেখা যায়। সেই অভিযানের সময়ই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, অল্প বয়স থেকেই বেআইনি লোহা পাচার-সহ বিভিন্ন অপরাধমূলক কারবারে হাত পাকিয়েছিল প্রতাপ এবং তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগও রয়েছে। তবে এর আগে প্রতাপের স্ত্রী রিনা দাস দাবি করেছিলেন, তাঁর স্বামীর বিরুদ্ধে কোনও মামলায় পরোয়ানা ছিল না। তাঁর অভিযোগ ছিল, পুলিশ এসে গেটে ধাক্কা দিয়ে প্রতাপকে ডাকে এবং সঙ্গে কোনও মহিলা পুলিশ ছিল না। পুলিশের ভয়েই প্রতাপ দৌড়ে পালিয়েছিল বলে দাবি করে তিনি জানান, গুলি চালানোর ঘটনা তিনি দেখেননি, যদিও আগেও প্রতাপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হওয়া এবং জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়ার কথা তিনি স্বীকার করেছেন।






