রাজ্যের খবর

জাল পাসপোর্ট মামলায় চাকদহে ইডির হানা, আটক দুই ভাই ও তাঁদের বাবা

Truth Of Bengal: ভোটমুখী বাংলায় ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ফের সাতসকালে হানা দিলেন সংস্থার আধিকারিকরা। কী কারণে হানা? এবারের বিষয় জাল পাসপোর্ট মামলা। তারা হানা দেয় বিপ্লব সরকার নামে এক কাঠমিস্ত্রি ও তাঁর ভাইয়ের বাড়িতে।

জানা গিয়েছে, এদিন সকালে তদন্তকারীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে যান চাকদহের দুবড়া গ্রাম পঞ্চায়েতের পড়ারি গ্রামে। তল্লাশি শেষে দুই ভাই ও তাঁদের বাবাকে আটক করা হয়। এখানেই শেষ নয়, বাজেয়াপ্ত করা হয় সব নথিও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রসঙ্গত, ভুয়ো পাসপোর্ট তৈরির চক্রের বিষয়টি প্রথম জনসম্মুখে আসে গতবছরের শেষে। এই বছরের এপ্রিল মাসের মাঝামাঝিতে বিরাটি থেকে আজাদ মল্লিক নামে এক ব্যক্তি গ্রেফতার হয় ইডির হাতে। পরে জানা যায় যে তার আসল নাম আহমেদ হোসেন এবং সে পাকিস্তানের নাগরিক। তাকে জেরা করে নাম ওঠে ইন্দু ভূষণ নামে এক ব্যক্তির। তাকেও গ্রেফতার করা হয় ইডির তরফ থেকে। এবার এতে নাম জড়িয়েছে বিপ্লব সরকার ও তাঁর ভাইয়ের। তদন্তকারীদের বক্তব্য, ইন্দু ও আজাদের সঙ্গে যোগ রয়েছে দুজনের। অবশেষে তল্লাশি শেষ হওয়ার পর আটক করা হয় দুই ভাই ও তাঁদের বাবাকে।