কলকাতারাজ্যের খবর

কলকাতায় পারদ নামল ১৭ ডিগ্রিতে, এরই মধ্যে জোড়া ঘূর্ণাবর্তের ভ্রুকুটি বাংলায়

উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়েই এখন শীতের আমেজ

Truth of Bengal: টানা বৃষ্টির রেশ কাটতেই ধীরে ধীরে শীতের চেনা মেজাজে ফিরছে বাংলা। সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডার অনুভূতি ক্রমশ বাড়ছে। কলকাতায় তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতেও পারদ ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়েই এখন শীতের আমেজ। কিন্তু শীতের এই সুখবরের মধ্যেই নতুন করে বৃষ্টির ভ্রুকুটি! নভেম্বরের শেষেই বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় জোড়া ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে আবহাওয়ার নতুন অঙ্ক।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৯ নভেম্বর আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। অনুকূল পরিস্থিতি পেলে সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে এই নিম্নচাপের অভিমুখ শ্রীলঙ্কা উপকূলের দিকে থাকতে পারে। অন্যদিকে, দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ফলে আগামী দিনে আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাখছেন আবহবিদরা।

তবে আপাতত রাজ্যে শীতের আমেজ বজায় থাকার সম্ভাবনাই বেশি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কোথাও কোথাও সামান্য পারদ চড়তে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে।

উত্তরবঙ্গেও জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। সকালে কুয়াশার চাদরে ঢেকে থাকছে একাধিক জেলা। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে যা কার্যত বাড়তি পাওনা। অন্যদিকে, সান্দাকফুতে রাতের তাপমাত্রা আরও কমে দাঁড়িয়েছে ৩ ডিগ্রিতে। ফলে পাহাড়ে এখন শীতের দাপট বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে।

Related Articles