উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মিলবে বাড়তি সময়! নতুন ভাবনা সংসদের
সম্প্রতি তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় সময়ের অভাবের অভিযোগ উঠেছিল একাধিক বিষয়ে।
Truth Of Bengal: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড়সড় রদবদল আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগেই প্রশ্নপত্র ও ওএমআর শিট দেওয়া হবে। তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে চূড়ান্ত অনুমতির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বিকাশ ভবনে। সম্প্রতি তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় সময়ের অভাবের অভিযোগ উঠেছিল একাধিক বিষয়ে।
বিশেষ করে হিসাবশাস্ত্র, রসায়ন ও অঙ্কে সময় কম পাওয়ার কথা জানিয়েছিল পড়ুয়ারা। সেই অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সংসদ সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় এই নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরীক্ষায় বর্ণনামূলক প্রশ্ন থাকবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ১২টায়। তবে পরীক্ষার্থীরা সকাল ৯টা ৫০ মিনিটেই প্রশ্নপত্র হাতে পেয়ে যাবেন, যাতে তাঁরা উত্তর লেখার আগে প্রশ্ন পড়ে নেবার অতিরিক্ত সময় পান।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পরীক্ষার নির্দিষ্ট সময় অপরিবর্তিত রেখে ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রশ্নপত্র ১০ মিনিট আগে দেওয়া হবে, যাতে তারা প্রশ্ন পড়ে প্রস্তুতির সময় পায়। নিয়ম অনুযায়ী, চতুর্থ সেমিস্টারের পরীক্ষার দিনই দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা। এই পরীক্ষা হবে ওএমআর শিটে। পরীক্ষা চলবে দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত। এখানেও পরীক্ষার্থীরা ১২টা ৫০ মিনিটে ওএমআর শিট হাতে পাবেন।
সংসদ স্পষ্ট করেছে, পরীক্ষার মূল সময়সীমায় কোনও পরিবর্তন হচ্ছে না। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিট এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে ২ ঘণ্টা। পুরনো সিলেবাসে থাকা পরীক্ষার্থীদের ক্ষেত্রেও কোনও নিয়ম বদলাচ্ছে না। তাঁরা আগের মতোই ৩ ঘণ্টা ১৫ মিনিটে পরীক্ষা দেবে।






