8th Pay Commission: কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সংশয়! বেতন কমিশন নিয়ে বড় আপডেট দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক
এই কমিশন গঠনের ফলে নতুন বছরে বেতন বৃদ্ধি হবে বলে যে আশা কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে তৈরি হয়েছিল, সাম্প্রতিক কিছু খবরে তা আপাতত ধাক্কা খেয়েছে বলে মনে করা হচ্ছে।
Truth of Bengal: চলতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার অষ্টম বেতন কমিশন কার্যকর করার ঘোষণা করলেও, কবে থেকে এটি বাস্তবায়িত হবে তা নিয়ে বর্তমানে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই কমিশন গঠনের ফলে নতুন বছরে বেতন বৃদ্ধি হবে বলে যে আশা কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে তৈরি হয়েছিল, সাম্প্রতিক কিছু খবরে তা আপাতত ধাক্কা খেয়েছে বলে মনে করা হচ্ছে।
গত ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন তাদের ‘টার্ম অব রেফারেন্স’ (ToR) বা কাজের পরিধি ঘোষণা করলেও, এটি কার্যকর করার চূড়ান্ত সময়সীমা এখনও নির্ধারিত হয়নি। ফলে দেশের প্রায় ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৯ লক্ষ পেনশনভোগীর বেতন ও ডিএ বৃদ্ধি নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। সম্প্রতি লোকসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অষ্টম বেতন কমিশন গঠনের ১৮ মাসের মধ্যে এর সুপারিশ জমা পড়বে এবং এই কমিশন কবে থেকে কার্যকর হবে, সেই সিদ্ধান্ত নেবে সরকার। অর্থাৎ, সরকারের হাতে এখনও কিছুটা সময় রয়েছে।
ওয়াকিবহাল মহলের ধারণা, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে কিনা, সেই বিষয়ে সরকার এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই এই কমিশন কার্যকর হওয়ার কথা ছিল, যার মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা উপকৃত হতেন। কিন্তু সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অভাবে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি আপাতত অনিশ্চিত রইল।




