বঙ্গে তীব্র দাবদাহ, কবে মিলবে স্বস্তি?
Heatwave in Bengal over weekend, weather to change on Wednesday
Truth Of Bengal: মার্চ মাসেই ৪০ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রার পারদ। গরম চরমে উঠবে পশ্চিমি জেলাগুলিতে। এমনই পূর্বাভাস দিল আলিপুর হাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, শনিবার পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে চরমে উঠবে পারদ।
শুধু এদিনই নয়। আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, রবিবার বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ চলবে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে এই চার জেলার তাপমাত্রা।
অন্যদিকে সোমবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পাঁচটি জেলায়। তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রিতে। তবে বুধবার থেকে হবে আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতি এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। পাশাপাশি উত্তরবঙ্গে শনিবার দার্জিলিং এবং কালিম্পং জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। একইভাবে রবিবার বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। আবহাওয়া থাকবে শুষ্ক। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, শনিবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৪ শতাংশ।






